অরিন্দম বাগ, মালদা: পণের দাবিতে গৃহবধূকে অ্যাসিড খাইয়ে খুনের অভিযোগ উঠল স্বামী সহ পরিবারের লোকেদের বিরুদ্ধে। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার বাচামারী পালপাড়া এলাকায়। এই ঘটনায় মৃতের পরিবারের তরফে মালদা থানায় লিখিত আকারে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে মালদা মেডিকেল কলেজে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
মৃত গৃহবধূর নাম গৌরী পাল (২২)। বাড়ি দক্ষিণ দিনাজপুরের বংশীহারী এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রায় তিন বছর আগে পুরাতন মালদার বাচামারী পালপাড়া এলাকার বাসিন্দা প্রশান্ত পালের সঙ্গে বিয়ে হয় গৌরীর। বর্তমানে তাঁদের দেড় বছরের কন্যা সন্তান রয়েছে। পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকে পণের দাবিতে গৌরীর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাত স্বামী সহ পরিবারের লোকজন। গত সোমবার রাতে পরিবারের লোকজন ফোন মারফৎ জানতে পারেন, অ্যাসিড পান করা অবস্থায় গৌরীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।


মৃত গৃহবধূর মামা পরিতোষ পাল বলেন, “নগদ ২ লক্ষ টাকা ও ৫ ভরি সোনা দিয়ে ভাগ্নির বিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু তারপরেও শ্বশুরবাড়ির লোকেদের চাহিদা মেটেনি। ভাগ্নি যখন সাত মাসের গর্ভবতী ছিল তখনও ভাগ্নিকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল। খবর পেয়ে আমরা ওকে বাড়িতে নিয়ে গিয়েছিলাম। কিছুদিন পরে আবার ভাগ্নিকে শ্বশুর বাড়িতেও রেখে আসি। ফের ওরা পাঁচ লক্ষ টাকা দাবি করতে থাকে। গতকাল রাতে ফোন মারফৎ খবর আসে, ভাগ্নিকে অ্যাসিড পান করা অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ভাগ্নির তখনও জ্ঞান ছিল। ভাগ্নি আমাদের জানায়, ওকে অ্যাসিড ও মেডিসিন খাওয়ানো হয়েছিল। আমাদের অনুমান পণের জন্য ভাগ্নিকে অ্যাসিড খাইয়ে খুন করা হয়েছে। আমাদের পরিবারের লোকজন এনিয়ে থানায় অভিযোগ করেছেন।”
এই ঘটনায় মৃতের পরিবারের তরফে মালদা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আপাতত মৃতদেহটিকে ময়নাতদন্তে পাঠিয়ে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত শুরু করা হয়েছে।

