উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আনন্দপুরের নাজিরাবাদে ভয়াবহ অগ্নিকাণ্ড (Anandapur Fire Case) নিয়ে বিধানসভায় দাঁড়িয়ে বিরোধীদের কড়া ভাষায় জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। কেন তিনি ঘটনাস্থলে যাননি, তা নিয়ে বিরোধীদের তোলা প্রশ্নের উত্তর দিতে গিয়ে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, ‘ঘটনার দিন অর্থাৎ ২৬শে জানুয়ারি তাঁর ঠাসা কর্মসূচি ছিল। প্রশাসনের ওপর তাঁর পূর্ণ আস্থা রয়েছে এবং ক্ষতিগ্রস্তদের পাশে শুরু থেকেই তাঁর সরকার দাঁড়িয়েছে।’
মুখ্যমন্ত্রী এদিন জানান, ‘২৬শে জানুয়ারি সারাদিন ব্যস্ততা থাকে, সবাই তা জানেন। রাতে রাজভবনে রাজ্যপালের অনুষ্ঠান থাকে। আমি যেতে না পারলেও সরকারের প্রতিনিধি হিসেবে মন্ত্রী ফিরহাদ হাকিম এবং স্থানীয় বিধায়করা গিয়েছিলেন।’ মুখ্যমন্ত্রী আরও যোগ করেন যে, ‘ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে ইতিমধ্যেই আর্থিক সাহায্য প্রদান করা হয়েছে।’
এরই পাশাপাশি বিরোধীদের লক্ষ্য করে তিনি আরও বলেন, ‘আমাদের নিন্দা করে কিছু লাভ হবে না। বাংলা হিরো ছিল, হিরোই থাকবে। বাংলার মানুষ আপনাদের ধিক্কার জানায়।’ কথায় কথায় ‘ডবল ইঞ্জিন’ সরকারের দোহাই দেওয়ার জন্য বিজেপিকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, ‘ডবল ইঞ্জিনের হাল কী তা সবাই দেখছে। কেন্দ্রীয় বঞ্চনার পরেও আমরা কীভাবে কাজ করছি সেটা দেখুন।’

