উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আরামবাগের কালিপুর স্পোর্টস কমপ্লেক্সের জনসভা থেকে নির্বাচনী লড়াইয়ের (Election 2026) সুর আরও চড়িয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। তৃণমূল প্রার্থী মিতা বাগের সমর্থনে আয়োজিত এই সভা থেকে ভোটার তালিকা সংশোধন এবং কেন্দ্রীয় সরকারের ভূমিকার কড়া সমালোচনা করেন তিনি। রাজ্যে এক ‘সাংঘাতিক’ পরিস্থিতিতে নির্বাচন হচ্ছে বলে দাবি করে মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন, কেন ট্রাইব্যুনালে আবেদনের সুযোগ না দিয়েই প্রথম দফার ভোটের আগে ভোটার তালিকা ‘ফ্রিজ’ করে দেওয়া হলো।
তালিকায় নাম বাদ যাওয়া নিয়ে উষ্মা প্রকাশ করে মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাকে (Amit Shah) পরোক্ষ নিশানা করেন। তিনি মনে করিয়ে দেন, যাঁদের বাড়িতে গিয়ে অমিত শা একদা মধ্যাহ্নভোজ করেছিলেন, তাঁদের নামও তালিকা থেকে বাদ পড়েছে। এই বঞ্চনার বিরুদ্ধে পুনরায় আদালতের দ্বারস্থ হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি। আইনি লড়াইয়ের ইঙ্গিত দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার ছিনিয়ে নেওয়ার এই প্রচেষ্টার বিরুদ্ধে আইনি পদক্ষেপ জরুরি।
বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলেন, নির্বাচন শেষ হতে আর হাতেগোনা কয়েকটা দিন বাকি, তারপরেই বিজেপি ধরাশায়ী হবে। একইসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও (PM Narendra Modi) তোপ দাগেন তিনি। বাংলায় এসে পাকিস্তানের প্রসঙ্গ টেনে ভয় দেখানো বা হুমকি দেওয়ার তীব্র প্রতিবাদ জানিয়ে মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন, এই ধরণের মন্তব্যের সময় কেন প্রধানমন্ত্রীর মুখে ‘লিউকোপ্লাস্ট’ লাগানো থাকে? অর্থাৎ এই সব স্পর্শকাতর বিষয়ে কেন তিনি নীরব থাকেন, সেই প্রশ্নই ছুড়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গোটা সভা জুড়েই কেন্দ্রীয় বঞ্চনা এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় হস্তক্ষেপের অভিযোগকে হাতিয়ার করে বিজেপি বিরোধী প্রচারের সুর বেঁধে দেন তৃণমূল নেত্রী।

