উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: একুশের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের পর এবার খাস কলকাতা তথা মুখ্যমন্ত্রীর নিজের গড় ভবানীপুরেও (Bhabanipur) ধরাশায়ী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ভবানীপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল নেত্রীকে ১৫,১০৫ ভোটে পরাজিত করেছেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। এই ঐতিহাসিক জয়ের পরেই ভবানীপুরের বাসিন্দাদের কুর্নিশ জানিয়ে সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা (Amit Shah)।
সোমবার রাতে একটি পোস্টে অমিত শা লেখেন, ‘ভবানীপুরের মানুষকে কুর্নিশ। তাঁদের রায় স্পষ্ট করে দিয়েছে যে একজন অরাজক শাসকের ভবিষ্যৎ কী হতে চলেছে।’ প্রসঙ্গত, গত ২ এপ্রিল শুভেন্দুর মনোনয়ন জমা দেওয়ার দিন ভবানীপুরে খোদ অমিত শাহ উপস্থিত ছিলেন। সেদিনই তিনি প্রত্যয়ের সঙ্গে জানিয়েছিলেন, নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুরেও শুভেন্দুই জিতবেন। রাজনৈতিক মহলের মতে, শা’র সেই ভবিষ্যৎবাণীই এদিন অক্ষরে অক্ষরে মিলে গেল।


Hats off to the people of Bhabanipur.
Their mandate has made it clear what fate awaits an anarchic ruler.
ভবানীপুরের মানুষকে কুর্নিশ।
তাদের রায় স্পষ্ট করে দিয়েছে, একজন অরাজক শাসকের ভবিষ্যৎ কী হতে চলেছে।— Amit Shah (@AmitShah) May 4, 2026
জয়ের পরই শুভেন্দু অধিকারী ভবানীপুরের ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেছিলেন, ‘ভবানীপুরে না জিতলে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্বপ্ন অধরা থেকে যেত।’ তিনি আরও স্মরণ করিয়ে দেন যে, ভবানীপুর আসনে লড়াই করার জন্য তাঁকে বিশেষ উৎসাহ দিয়েছিলেন খোদ শা।
উল্লেখ্য, ২০৬ আসনে জয় পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি সরকার গঠন করতে চলেছে বঙ্গে। ভোটের ফলাফলেই স্পষ্ট হয়ে গিয়েছে উত্তরবঙ্গে প্রায় নিশ্চিহ্ন তৃণমূল। সেই সঙ্গে দক্ষিণবঙ্গেও দীর্ঘদিনের ধরে রাখা একাধিক আসন হারিয়েছে। ভবানীপুর তার মধ্যে অন্যতম। যদিও মমতার অভিযোগ, ১০০-এর বেশি আসনে ভোট চুরি করেছে বিজেপি। তিনি দাবি করেন, কেন্দ্রীয় বাহিনী, প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হাত মিলিয়ে নির্বাচন কমিশন যা করেছে, তা বেআইনি। যদিও নির্বাচন কমিশনের ফলাফল অনুযায়ী, নিজের গড়েই এই পরাজয় মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক কেরিয়ারে এক বড়সড়ো ধাক্কা হিসেবেই দেখছেন বিশেষজ্ঞরা।

