উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: নিজের পাড়া, নিজের চেনা মাটি থেকেই ফের লড়াইয়ের ময়দানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার বিশাল মিছিল করে পায়ে হেঁটে আলিপুর সার্ভে বিল্ডিংয়ে গিয়ে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী (Bhawanipur TMC Candidate) হিসেবে মনোনয়ন পত্র জমা (Nomination) দিয়েছেন তিনি (West Bengal Assembly Election)। মনোনয়ন জমা দিয়ে বেরিয়েই ভবানীপুরের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আবেগে ভাসেন মমতা। সেই সঙ্গে নাম বাদ প্রসঙ্গেও মুখ খোলেন তিনি।
এদিন তিনি বলেন, ‘আমি ৩৬৫ দিনই এখানে থাকি। আমার ধর্ম-কর্ম-আন্দোলন সব কিছুই ভবানীপুরকে ঘিরে। আমি সেই ছোটবেলা থেকেই এখানে থাকি। এখান থেকেই আমার সব কিছু। ভবানীপুরের মানুষদের আমার ধন্যবাদ। আমি চাই ভবানীপুরের পাশাপাশি রাজ্যের ২৯৪টি কেন্দ্রেই মানুষ তৃণমূল প্রার্থীকে জয়ী করুন। কারণ সরকার আমরাই গড়ব।’
এরপরই ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া প্রসঙ্গে সরব হন মমতা। তিনি বলেন, ‘মনের দুঃখ নিয়ে বলছি, এত মানুষের নাম বাদ দিয়েছে। আমি এখনও বলব এটা সুপ্রিম কোর্টেরই অর্ডার ছিল। আমি সুপ্রিম কোর্টে মামলা করায় ১ কোটি ২০ লক্ষের মধ্যে ৩২ লক্ষের নাম উঠেছে। বাদবাকি ৫৮ লক্ষ খোলাই হয়নি।’ একই সঙ্গে তাঁর সংযোজন, ‘বিবেচনাধীন (অ্যাডজুডিকেশনে) তালিকায় যাঁরা রয়েছেন, তাঁদের নাম তোলা উচিত বলে মনে করি। পরে নাম তুলে কী হবে? তাঁরা তো ভোটই দিতে পারবেন না। এটা তো সুপ্রিম কোর্টেরই অর্ডার ছিল যে, যারা বিবেচনাধীন রয়েছেন তাঁরা বৈধ ভোটার এবং তাঁদের ভোটটা তোলা উচিত।’ এই বিষয়ে আবার আদালতের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন তিনি।
এদিন সকাল থেকেই কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে উপচে পড়া ভিড় ছিল। মিছিলে তৃণমূল নেত্রীর সঙ্গে পা মেলান কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, তাঁর স্ত্রী ও কন্যা, মুখ্যমন্ত্রীর ভাই স্বপন বন্দ্যোপাধ্যায়, কার্তিক বন্দ্যোপাধ্যায়, ভ্রাতৃবধূ কাজরী বন্দ্যোপাধ্যায়। এছাড়াও ছিলেন ৮ জন স্থানীয় কাউন্সিলর সহ দলের নেতা সন্দীপ বক্সী প্রমুখ। রাস্তার দু’ধারে দাঁড়িয়ে থাকা মহিলাদের শঙ্খধ্বনি আর ‘জয় বাংলা’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে এলাকা। হাসিমুখে হাত নেড়ে জনতার অভিবাদন গ্রহণ করেন তৃণমূল নেত্রী।
জানা গিয়েছে, ভবানীপুরের বহুত্ববাদী চরিত্রকে গুরুত্ব দিয়ে এবার মুখ্যমন্ত্রীর মনোনয়নপত্রের চার প্রস্তাবক হিসেবে ছিলেন ভিন্ন ধর্ম ও ভাষার প্রতিনিধিরা। এই তালিকায় ছিলেন ফিরহাদ হাকিমের স্ত্রী ইসমত (রুবি) হাকিম, সাংসদ-অভিনেত্রী কোয়েল মল্লিকের স্বামী নিসপাল সিং রানে, ৭১ নম্বর ওয়ার্ডের তৃণমূল ব্লক সভাপতি বাবলু সিং, ভবানীপুর এডুকেশন সোসাইটির মীরজ শা।

