উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : ‘কাউকে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে না’, গাজোলের সরকারি সভার মঞ্চ থেকে জনগণকে এমনই আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) আবহে গাজোলে এসেছেন তিনি। এদিন সভা থেকে মমতা বলেছেন, ‘বাংলায় এসআইআরের জন্য ৩৯ জন মারা গিয়েছেন। এসআইআরের নামে ভয় দেখানো হচ্ছে না। কাউকে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে না। কাউকে পুশব্যাক করা হবে না। আমি আপনাদের পাহারাদার। ১২ তারিখ থেকে ব্লকে ব্লকে মে আই হেল্প ইউ ক্যাম্প শুরু হচ্ছে।’
অন্যদিকে, মহারাষ্ট্র, ওডিশা সহ বিজেপিশাসিত রাজ্যে বাঙালি হেনস্তা নিয়েও এদিন সরব হন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। গলা কেটেও ফেললেও বাংলায় কথা বলব।’ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে নিশানা করে মুখ্যমন্ত্রীর মন্তব্য, ‘বাংলা আলাদা, বিহার আলাদা। বিহাল দখল করেছো। কিন্তু বাংলা দখল করা সম্ভব নয়।’
সভার শুরুতে মমতা বলেন, ‘আমি ভোট চাইতে আসিনি, আমি মানুষের পাশে দাঁড়াতে এসেছি। আপনাদের দুশ্চিন্তায় পাশে থাকতে এসেছি।’ কেন্দ্রীয় বঞ্চনা নিয়েও সরব হন মমতা। তাঁর দাবি, ‘কেন্দ্র সব টাকা কেটে নিচ্ছে। মালদা ও মুর্শিদাবাদের ভাঙন রোধে কেন্দ্র কিছুই করেনি।’

