উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বড়মা বীণাপাণি দেবীর (Boroma Binapani Devi) তিরোধান দিবসে মতুয়া সম্প্রদায়ের পাশে দাঁড়িয়ে কেন্দ্রের বিজেপি সরকারকে কড়া ভাষায় আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। রাজ্যসভা নির্বাচনের মনোনয়ন পেশের কর্মব্যস্ততার মধ্যেই সমাজমাধ্যমে এক দীর্ঘ বার্তায় তিনি অভিযোগ করেন, নাগরিকত্ব দেওয়ার নামে মতুয়াদের পরিচয় নিয়ে রাজনীতি করছে কেন্দ্র।
সম্প্রতি প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী, উত্তর ২৪ পরগণা ও নদিয়া-সহ বিভিন্ন জেলায় প্রায় ৬৩ লক্ষ মানুষের নাম বাদ পড়েছে, যার মধ্যে বড় অংশই মতুয়া সম্প্রদায়ের (Matua Mahasangh)। বহু নামকে রাখা হয়েছে ‘বিচারাধীন’ বা এসআইআর (SIR) পর্যায়ে। মুখ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, “কেন্দ্রের বিজেপি সরকারের চক্রান্তে আজ এক অস্থির ও বিভ্রান্তিকর পরিস্থিতিতে মতুয়া ভাই-বোনদের ঠেলে দেওয়া হয়েছে। যাঁরা পুরুষানুক্রমে এদেশের নাগরিক, আজ তাঁদের নতুন করে নাগরিকত্ব দেওয়ার নামে অনিশ্চয়তার মুখে দাঁড় করানো হচ্ছে।” তিনি স্পষ্ট জানান, বাংলার মানুষের অধিকার কেড়ে নেওয়ার এই চেষ্টার বিরুদ্ধে তাঁর লড়াই চলবে।
এদিন বড়মাকে শ্রদ্ধা জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁদের ব্যক্তিগত ও আত্মিক সম্পর্কের কথা স্মরণ করেন। বড়মার চিকিৎসায় তাঁর অবদানের কথা উল্লেখ করে তিনি জানান, রাজ্য সরকার বড়মাকে ‘বঙ্গবিভূষণ’ সম্মানে ভূষিত করেছে। পাশাপাশি মতুয়াদের কল্যাণে তাঁর সরকারের করা বিভিন্ন কাজ, যেমন— হরিচাঁদ-গুরুচাঁদ বিশ্ববিদ্যালয় স্থাপন, মতুয়া বিকাশ পর্ষদ গঠন এবং হরিচাঁদ ঠাকুরের জন্মদিনে সরকারি ছুটির কথাও তিনি তুলে ধরেন।
মুখ্যমন্ত্রীর এই বার্তা এমন এক সময়ে এল যখন রাজ্যজুড়ে এসআইআর তালিকা নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও বিক্ষোভ বাড়ছে।
সমগ্র মতুয়া সমাজের ও মতুয়া মহাসংঘের বড়মা বীণাপানি দেবীর তিরোধান দিবসে তাঁকে জানাই বিনম্র শ্রদ্ধা ও প্রণাম।
শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর ও শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের প্রদর্শিত পথে মতুয়া মহাসংঘ বাংলার সামাজিক সংস্কার ও নবজাগরণের এক অবিচ্ছেদ্য অংশ। দলিত ও অবহেলিত মানুষের অধিকার…
— Mamata Banerjee (@MamataOfficial) March 5, 2026

