উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2026) নির্ঘণ্ট ঘোষণা হতেই প্রশাসনিক স্তরে নির্বাচন কমিশনের রদবদল নিয়ে রণংদেহি মেজাজে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। সোমবার রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদী মিছিল থেকে কমিশনের পদক্ষেপকে ‘মগের মুলুক’ বলে আখ্যা দিয়ে মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন, “গত রাতে কী করলেন? মধ্যরাতে মেসেজ পেলাম, কাউকে কাজে লাগিয়ে ছুপারুস্তমের মতো গুপ্ততাণ্ডব করছে।”
এদিন বিশেষভাবে বাঙালি মহিলা মুখ্যসচিবের অপসারণ নিয়ে সরব হন তিনি। মমতা বলেন, “বাঙালি মহিলা চিফ সেক্রেটারি, ওঁকে বদলে দিয়েছেন। ওঁরা আসলে মহিলাবিদ্বেষী (অ্যান্টি উইম্যান)। এক জন মহিলাকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিলেন। এক বার রাজ্যকে জিজ্ঞাসাও করলেন না!” মুখ্যসচিবের পাশাপাশি রাজ্য পুলিশের ডিজি পীযূষ পাণ্ডের অপসারণ নিয়েও ক্ষোভ উগরে দেন তিনি। নেত্রীর দাবি, বিজেপিকে সুবিধা করে দিতেই বেছে বেছে আধিকারিকদের বাদ দেওয়া হচ্ছে।
মুখ্যমন্ত্রী আরও যোগ করেন, “আপনারা শুধু বাঙালি নয়, অবাঙালিদেরও বাদ দিচ্ছেন। আসলে আপনারা দেখছেন কারা বিজেপির (BJP) হয়ে কাজ করবে। কিন্তু যাঁকেই পাঠান, তাঁরা আমাদের হয়েই কাজ করবেন, মানুষের হয়ে কাজ করবেন।” নির্বাচনের দিনক্ষণ ঘোষণার চব্বিশ ঘণ্টার মধ্যে মমতার এই আক্রমণাত্মক অবস্থান আগামী দিনের রাজনৈতিক লড়াইয়ের সুর বেঁধে দিল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

