উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দেশের বিচারবিভাগীয় ইতিহাসে এক অনন্য নজির সৃষ্টি করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। এই প্রথম কোনও আসীন মুখ্যমন্ত্রী নিজের রাজ্যের মানুষের অধিকার রক্ষায় দেশের শীর্ষ আদালতে সশরীরে উপস্থিত হয়ে সওয়াল করলেন। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর (SIR) প্রক্রিয়ায় সাধারণ মানুষের হয়রানির অভিযোগে মুখ্যমন্ত্রী যে মামলা দায়ের করেছিলেন, বুধবার তার শুনানিতে সুপ্রিম কোর্ট (Supreme Court) অত্যন্ত ইতিবাচক ইঙ্গিত দিয়েছে।
এদিন প্রধান বিচারপতি সূর্য কান্তের এজলাসে মুখ্যমন্ত্রী বাংলার মানুষের দুর্দশার চিত্র তুলে ধরেন। তিনি অভিযোগ করেন, আধার কার্ড থাকা সত্ত্বেও নির্বাচন কমিশন তা গ্রহণ করছে না। এমনকি নামের বানানে সামান্য ভুলের জন্য বা বিয়ের পর পদবি বদল হওয়ার কারণেও সাধারণ মানুষকে শুনানিতে ডেকে চরম হয়রানি করা হচ্ছে। কমিশনের এই ধরনের সিদ্ধান্তকে ‘তুঘলকি’ বলে অভিহিত করেন তিনি।
মুখ্যমন্ত্রীর বক্তব্য ধৈর্য সহকারে শোনেন বিচারপতিরা। মমতা বন্দ্যোপাধ্যায় সওয়ালের জন্য ৫ মিনিট সময় চাইলে প্রধান বিচারপতি বলেন, ‘৫ মিনিট কেন? আপনি ১৫ মিনিট বলতে পারেন।’ শুনানি শেষে তাঁর পর্যবেক্ষণ, ‘প্রয়োজন হলে এসআইআর-এর সময়সীমা বাড়ানো হবে।’ আদালত এদিন উভয় পক্ষকে নোটিশ জারি করেছে। পাশাপাশি কমিশনকে আরও ‘সংবেদনশীল’ হওয়ার পরামর্শ দিয়ে আদালত জানিয়েছে, রাজ্য সরকার সহযোগিতা করলে অতিরিক্ত মাইক্রো অবজার্ভারের প্রয়োজন নেই।
আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানি। সেদিনও মুখ্যমন্ত্রী চাইলে পুনরায় উপস্থিত থেকে নিজের বক্তব্য জানাতে পারবেন বলে জানিয়েছে শীর্ষ আদালত। সেই মতো এজলাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিত থাকার এবং সওয়াল করার সম্ভাবনা রয়েছে বলে শোনা যাচ্ছে। বাংলার সাধারণ মানুষের হয়ে খোদ মুখ্যমন্ত্রীর এই আইনি লড়াই রাজনৈতিক ও প্রশাসনিক মহলে এক নতুন আলোচনার জন্ম দিয়েছে।

