উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ বুথফেরত সমীক্ষায় দাবি করা হয়েছিল, বাংলায় তৃণমূল কংগ্রেসের থেকে বেশি আসন পাবে বিজেপি। কিন্তু গণনার পর ডাহা ফেল এই সমীক্ষা। যদিও বুথ ফেরত সমীক্ষাকে মান্যতা দেননি মমতা বন্দ্যোপাধ্যায়। গণনা শেষে দেখা গেল বাংলায় সবুজ ঝড় অব্যাহত। কিন্তু রাজ্যজুড়ে সবুজ ঝড় উঠলেও হেরে যাওয়া দুটি কেন্দ্রে পুণর্নির্বাচনের দাবি তুললেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলন করে জানান, কাঁথি, তমলুক আসনে তাঁর সংশয় রয়েছে। তিনি পুনরায় গণনা চাইছেন এখানে।
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘নন্দীগ্রামে গণনায় যা ঘটেছিল, সেই কারচুপিই হয়েছে তমলুকে। আর কাঁথিতে তৃণমূল প্রার্থী জয়ী হওয়ার পরও সার্টিফিকেট দেওয়া হচ্ছে না। কাঁথি–তমলুকে ভোট হয়নি। রিগিং হয়েছে। কাঁথিতে তৃণমূল প্রার্থী জেতার পর জেলার অবজার্ভার সার্টিফিকেট দিচ্ছেন না। নন্দীগ্রামের ভোটে যা হয়েছিল, তমলুকেও তাই হয়েছে। গণনাকেন্দ্রের কাছে রাজ্য পুলিশকে ঘেঁষতে দেয়নি। আমি এর বদলা নেব।’


মমতার বক্তব্য, ‘আমি অভিষেককে অনুরোধ করব যেতে। কারণ ও তো দেশের মধ্যে সবচেয়ে বেশি ভোট পেয়ে রেকর্ড গড়েছে। তাই ওকে ইন্ডিয়া জোটের বৈঠকে যেতে বলব। এখানে আরও ৩–৪টে সিট আমাদের পাওয়ার আছে। দরকার হলে কিছু সিটে রিকাউন্টিংও হবে। তমলুকে ওটা ইলেকশন নয়, নন্দীগ্রামে আমার সময় যা করেছিল ওখানেও তাই করেছে। তাতেও যে ভোটে জিতেছে রিকাউন্টিং হলে ভিভিপ্যাট কাউন্টিং হলে প্রমাণ হবে ওটাতে হেরেছে। কাঁথিতে জেতার পরও বিজেপি অবজারভার সার্টিফিকেট আটকে রেখেছে বিজেপিকে জেতাতে। বিজেপি অবজার্ভার দেখে দেখে বাংলায় পাঠানো হয়েছে। অবজার্ভাররা রাজনীতি করলে আই অ্যাম সরি।’

