উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আরামবাগের কালিপুর স্পোর্টস কমপ্লেক্সের জনসভা (Election 2026) থেকে ভোটার তালিকা সংশোধন বা এসআইআর (SIR) ইস্যুতে ফের একবার নির্বাচন কমিশনের (ECI) বিরুদ্ধে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক মানুষের নাম বাদ পড়ার ঘটনাকে কেন্দ্র করে তিনি আইনি লড়াইয়ের হুঁশিয়ারি দিয়েছেন। মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee) স্পষ্ট জানান, এই বঞ্চনার বিরুদ্ধে পুনরায় আদালতের দ্বারস্থ হওয়া প্রয়োজন।
এদিন সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তোলেন, কেন ট্রাইব্যুনালে আবেদন করার নূন্যতম সুযোগটুকু না দিয়ে প্রথম দফার ভোটের আগে ভোটার তালিকা ‘ফ্রিজ’ করে দেওয়া হলো। গণতান্ত্রিক প্রক্রিয়ায় এই ধরণের পদক্ষেপ নিয়ে উষ্মা প্রকাশ করেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, “আমি বোকা হতে পারি, কিন্তু আইনজীবী হিসেবে আমার মনে হয়, আবার আমাদের কোর্টে যাওয়া উচিত।”
বিপুল সংখ্যক ভোটারের নাম বাদ যাওয়ার ঘটনাকে সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকারের ওপর হস্তক্ষেপ হিসেবেই দেখছেন তৃণমূল নেত্রী। মূলত আইনি যুক্তিতেই এই প্রক্রিয়ার বিরোধিতা করে তিনি দলীয় স্তরে আদালতের দ্বারস্থ হওয়ার ইঙ্গিত দিয়ে রাখলেন। রাজনৈতিক মহলের মতে, নির্বাচনের মুখে ভোটার তালিকা নিয়ে এই আইনি সংঘাত আগামী দিনে আরও বাড়তে পারে।

