উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: লোকসভা ভোটে (Lok Sabha Election 2024) বাংলায় ২৯টি আসনে জয়ী হয়েছে শাসকদল তৃণমূল। এবার এই ২৯ জন জয়ী প্রার্থীকে নিয়ে কালীঘাটে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আগামী শনিবার বিকেলে কালীঘাটে মমতার বাড়িতে এই বৈঠক হতে পারে বলে তৃণমূল সূত্রে খবর। অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) সহ জয়ী সকল প্রার্থীই সেই বৈঠকে থাকবেন।
বুধবার দিল্লিতে বৈঠকে বসছে বিজেপি বিরোধী জোট ‘ইন্ডিয়া’। ইতিমধ্যেই দিল্লিতে পৌঁছোতে শুরু করেছেন দলের শরিকরা। ‘ইন্ডিয়া’র ওই বৈঠকে ডাক পেয়েছে জোটের অন্যতম শরিক তৃণমূলও। দলের প্রতিনিধি হিসাবে বৈঠকে যোগ দিতে এদিনই দিল্লির উদ্দেশে রওনা দিয়েছেন অভিষেক। সূত্রের খবর, অভিষেক ফিরলেই জয়ী প্রার্থীদের নিয়ে বৈঠক করবেন মমতা। প্রাথমিকভাবে শনিবার বৈঠকের দিন স্থির হয়েছে।


বাংলায় ৪২টি আসনের মধ্যে ২০১৯ সালে ২২টি আসন পেয়েছিল তৃণমূল। সংসদে গিয়েছিলেন ২২ জন। এবার সেই সংখ্যা বৃদ্ধি পেয়েছে। তৃণমূল সূত্রে খবর, শনিবারের বৈঠকে দলের এই ফল বিশ্লেষণ করা হতে পারে। জয়ী প্রার্থীদের মধ্যে রাজ্যের একজন মন্ত্রী রয়েছেন। ব্যারাকপুর আসন থেকে ভোটে জিতেছেন রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিক। এছাড়াও বেশ কয়েকজন বিধায়ক লোকসভায় জয়ী হয়েছেন। সাংসদ পদে থাকতে গেলে বিধায়ক হিসাবে তাঁদের পদত্যাগ করতে হবে। সুতরাং, তাঁদের পরবর্তী পদক্ষেপ কী হতে চলেছে, তা নিয়ে শনিবারের বৈঠকে আলোচনা করতে পারেন তৃণমূল সুপ্রিমো।

