শিলিগুড়ি: প্রকাশ্য দিবালোকে মহানন্দা ক্যানেলে এক ব্যক্তির ঝাঁপ দেওয়ার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল শিলিগুড়ি (Siliguri) মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া (Phansidewa) ব্লকের কাশীরাম এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিখোঁজ ওই ব্যক্তির নাম মনোজ ডালমিয়া (৪৮)। তিনি শিলিগুড়ি শহরের মিলনপল্লী এলাকার বাসিন্দা। শুক্রবার দুপুরের এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উদ্বেগের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে পাওয়া তথ্য এবং প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, এদিন দুপুরে নিজের স্কুটারে চড়ে কাশীরাম এলাকার ক্যানেল পাড়ে আসেন মনোজবাবু। ক্যানেলের ধারে নিজের স্কুটিটি দাঁড় করান তিনি। এরপর পকেট থেকে কাগজ ও কলম বের করে একটি চিঠি সেই চিঠিটি সযত্নে স্কুটারের ওপর রেখে হঠাৎই মহানন্দা ক্যানেলের গভীর জলে ঝাঁপ দেন তিনি। বিষয়টি নজরে আসতেই স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন এবং চিৎকার শুরু করেন। তড়িঘড়ি খবর দেওয়া হয় ফাঁসিদেওয়া থানায়।
খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফাঁসিদেওয়া থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশ প্রথমে স্থানীয়দের সহায়তায় ক্যানেলের জলে তল্লাশি শুরু করে। কিন্তু ক্যানেলে জলের স্রোত এবং গভীরতা বেশি থাকায় দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পরেও ওই ব্যক্তির কোনো হদিস মেলেনি। পরিস্থিতি বিবেচনা করে পুলিশের তরফে খবর দেওয়া হয় বিপর্যয় মোকাবিলা দলকে। শেষ খবর পাওয়া পর্যন্ত, বিপর্যয় মোকাবিলা দলের ডুবুরিরা উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন।
ঘটনাস্থল থেকে পুলিশ ওই ব্যক্তির স্কুটি এবং স্কুটির ওপর রাখা চিঠিটি উদ্ধার করেছে। তবে সেই চিঠিতে ঠিক কী লেখা আছে বা মৃত্যুর আসল কারণ কী—সে বিষয়ে পুলিশের তরফে এখনই বিস্তারিত কিছু জানানো হয়নি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, মানসিক অবসাদ, ব্যবসায়িক ক্ষতি বা পারিবারিক কোনো অশান্তির জেরে তিনি এই ঘটনা ঘটিয়ে থাকতে পারেন। মিলনপল্লীর বাসিন্দা হয়ে এত দূরে এসে কেন তিনি এই ঘটনা ঘটালেন, তা খতিয়ে দেখছে পুলিশ। পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। পর্যন্ত ক্যানেল পাড়ে ভিড় জমিয়ে রয়েছেন স্থানীয়রা।

