মালদা: পুরোনো শত্রুতার জেরে এক তরুণকে কুপিয়ে খুন। এই ঘটনায় চাঞ্চল্য ছড়াল মালদার ইংরেজবাজার (English Bazar) থানার যদুপুর-২ গ্রাম পঞ্চায়েতের মহেশপুর বাগানপাড়া এলাকায়। মৃত তরুণের নাম কিষাণ হালদার (২৮)। তিনি ইংরেজবাজার পুরসভার ১ নম্বর ওয়ার্ডের গাদুয়ার মোড় হালদারপাড়া এলাকার বাসিন্দা ছিলেন। এই ঘটনায় আরও দুজন আহত হয়েছেন বলে খবর।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকার গোলাম হালদারের সঙ্গে পূর্ব শত্রুতা ছিল কিষাণের। সেই ঘটনার জেরেই বুধবার গভীর রাতে বাড়ি থেকে মাত্র ৫০০ মিটার দূরে গোলাম হালদার, শিবেন হালদার, সুমন হালদার সহ কয়েকজন মিলে ধারালো অস্ত্র নিয়ে তাঁর উপর হামলা চালায় বলে অভিযোগ। এরপর রক্তাক্ত অবস্থায় কিষাণকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কিছুক্ষণ চিকিৎসার পর চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।


পুলিশ ঘটনাস্থল থেকে একটি রক্তমাখা ধারালো অস্ত্র উদ্ধার করেছে। পরিবারের পক্ষ থেকে খুনের সুনির্দিষ্ট কারণ নিয়ে ধোঁয়াশা থাকলেও, স্থানীয়দের প্রাথমিক অনুমান, পুরোনো বিবাদের জেরেই এই নৃশংস হত্যাকাণ্ড। ঘটনার তদন্তে নেমে পুলিশ ইতিমধ্যেই তিনজনকে আটক করেছে। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।

