শিলিগুড়ি: মদ্যপ অবস্থায় এলাকায় হুজ্জুতি করার প্রতিবাদ করায় প্রতিবেশী দম্পতিকে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। মঙ্গলবার রাতে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মাটিগাড়া থানার (Matigara Police Station) অন্তর্গত চামটা এলাকায়। ঘটনায় অভিযুক্ত যুবককে ইতিমধ্য়েই গ্রেফতার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের নাম পঞ্চু চিকবড়াইক। অভিযোগ, পঞ্চু প্রায়শই মদ্যপ অবস্থায় এলাকায় অশান্তি ও হুজ্জুতি করত। মঙ্গলবার রাতেও সে মদ্যপ অবস্থায় এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করলে প্রতিবেশী এক তরুণ তার প্রতিবাদ করেন। এতেই ক্ষিপ্ত হয়ে পঞ্চু ওই তরুণকে বেধড়ক মারধর শুরু করে (Drunkard Attack)।


স্বামীকে মার খেতে দেখে তাঁকে বাঁচাতে ছুটে আসেন তাঁর স্ত্রী। অভিযোগ, সেই সময় পঞ্চু ওই তরুণীর ওপর ধারালো বস্তু নিয়ে চড়াও হয়। এর ফলে ওই তরুণীর হাতে গুরুতর চোট লাগে। ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।
আক্রান্ত তরুণীর পরিবারের পক্ষ থেকে রাতেই মাটিগাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পাওয়া মাত্রই তদন্তে নেমে পুলিশ অভিযুক্ত পঞ্চু চিকবড়াইককে গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে, ধৃতকে বুধবার শিলিগুড়ি মহকুমা আদালতে (Siliguri Court) তোলা হবে। ঘটনার পেছনে অন্য কোনও পুরনো বিবাদ রয়েছে কি না, তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

