উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দীর্ঘ প্রতীক্ষার অবসান। পশ্চিমবঙ্গ সহ অসম, কেরল, তামিলনাড়ু এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি থেকে অবশেষে প্রত্যাহার করে নেওয়া হলো আদর্শ নির্বাচনী আচরণবিধি (MCC Lifted Bengal)। গত ১৫ মার্চ ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই দেশজুড়ে জারি হয়েছিল এই কড়া বিধিনিষেধ। কিন্তু ৪ মে ভোটের ফলাফল প্রকাশিত হতেই কমিশন জানিয়ে দিল, জনজীবন এবং সরকারি কাজে আর কোনো বাধা রইল না এই রাজ্যগুলিতে। তবে সারা বাংলা থেকে বিধি উঠলেও দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে কিন্তু এখনই স্বস্তি মিলছে না।
নির্বাচন কমিশন (ECI) সূত্রে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গের ফলতা কেন্দ্রে আদর্শ আচরণবিধি এখনই উঠছে না। এর কারণ হিসেবে উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য। গত ২৯ এপ্রিল এই কেন্দ্রে ভোটগ্রহণ হয়েছিল, কিন্তু সেখানেই বাধে বিপত্তি। ইভিএম কারচুপির মারাত্মক অভিযোগ এবং স্ক্রুটিনি রিপোর্টের ভিত্তিতে কমিশন সিদ্ধান্ত নিয়েছে, ফলতার ওই নির্দিষ্ট আসনে ভোট প্রক্রিয়া বাতিল করা হয়েছে। ফলে সেখানে আগামী ২১ মে পুনর্নির্বাচন হতে চলেছে।


দক্ষিণ ২৪ পরগনা জেলা থেকে একাধিক বুথে পুনর্নির্বাচনের দাবি উঠেছিল। খোদ মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নির্দেশে বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত ফলতা, মগরাহাট এবং ডায়মন্ড হারবার এলাকা সরেজমিনে পরিদর্শন করেন। যদিও ২ মে মগরাহাট পশ্চিম এবং ডায়মন্ড হারবারের কিছু বুথে ভোট নেওয়া হয়েছিল, কিন্তু ফলতার পরিস্থিতি ছিল ভিন্ন। সুব্রত গুপ্তের পাঠানো রিপোর্টের ভিত্তিতেই কমিশন ফলতায় নতুন করে ভোটের (Election) দিনক্ষণ ঘোষণা করেছে। যার ফলে আগামী ২৪ মে ফল ঘোষণা না হওয়া পর্যন্ত ওই এলাকায় বলবৎ থাকবে নির্বাচনী বিধি।
একইসঙ্গে কমিশন জানিয়েছে, গুজরাট, মহারাষ্ট্র, কর্নাটক, নাগাল্যান্ড ও ত্রিপুরার যে আসনগুলোতে উপনির্বাচন ছিল, সেখান থেকেও বিধি তুলে নেওয়া হয়েছে। কিন্তু রাজনৈতিক মহলের নজর এখন কেবল ফলতার দিকে।

