উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ রাজস্থান রয়্যালসের বিজয় রথ থামানোই এখন মুম্বই ইন্ডিয়ান্সের মূল লক্ষ্য (MI vs RR IPL-2026)। আইপিএলের প্রথম দুই ম্যাচে ব্যাট হাতে ঝড় তোলা বৈভব সূর্যবংশী ক্রিকেট বিশ্বের নজর কাড়লেও, মুম্বইয়ের বোলিং কোচ পরশ মামব্রে স্পষ্ট জানিয়ে দিলেন—এই কিশোরের জন্য আলাদা করে কোনও ‘স্পেশাল’ পরিকল্পনা নেই তাঁদের। বুমরাহ বনাম বৈভবের দ্বৈরথ নিয়ে ভক্তদের মধ্যে উন্মাদনা থাকলেও মুম্বই শিবির একে কেবল একটি রুটিন পরিকল্পনা হিসেবেই দেখছে।
ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে পরশ মামব্রে বলেন, “বৈভব এখন আর ক্রিকেটে নতুন মুখ নয়। এটা ওর দ্বিতীয় মরসুম, তাই সকলে ওকে দেখে নিয়েছে। ও দারুণ ক্রিকেটার এবং আক্রমণাত্মক ব্যাটিং পছন্দ করে। বাকি ব্যাটারদের শক্তির জায়গাগুলো যেভাবে আমরা বিশ্লেষণ করি, ওর ক্ষেত্রেও ঠিক তাই করা হয়েছে। আলাদা করে কোনও বাড়তি গুরুত্ব আমরা দিচ্ছি না।”
রাজস্থানের স্পিনার রবি বিষ্ণোই আগের ম্যাচে ৪ উইকেট নিয়ে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন। তবে মামব্রের মতে, বিষ্ণোই এখন চেনা প্রতিপক্ষ। তিনি বলেন, “আমি বিষ্ণোইকে আর রহস্যময় বোলার মনে করি না। ও অনেকদিন ধরে খেলছে। এখন ওর সময় ভালো যাচ্ছে, সেটুকুই। আমাদের ব্যাটাররা বাকি বোলারদের মতোই ওকে গুরুত্ব দেবে, তার বেশি নয়।”
কেকেআর-এর বিরুদ্ধে জয় দিয়ে মরসুম শুরু করলেও দিল্লির কাছে হেরে কিছুটা ব্যাকফুটে মুম্বই ইন্ডিয়ান্স। অন্যদিকে, রাজস্থান রয়্যালস তাদের টানা দুই ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের উপরের দিকে রয়েছে। গুয়াহাটির ব্যাটিং সহায়ক পিচে বুমরাহ বনাম বৈভব কিংবা সূর্যকুমার যাদব বনাম রবি বিষ্ণোইয়ের লড়াই যে ম্যাচের ভাগ্য গড়ে দেবে, তা বলাই বাহুল্য।
আজকের ম্যাচে জয় না পেলে মুম্বইয়ের ওপর চাপ আরও বাড়বে। তাই নিজেদের গেমপ্ল্যানে অটুট থেকে রাজস্থানের বিজয়রথ থামাতে মরিয়া পল্টন বাহিনী।

