ডালখোলা: মঙ্গলবার এক নজিরবিহীন বিশৃঙ্খলার সাক্ষী থাকল ডালখোলা। করণদীঘি বিধানসভার বিজেপি প্রার্থী বিরাজ বিশ্বাসের সমর্থনে আয়োজিত মেগা জনসভা শেষ পর্যন্ত বাতিল হয়ে গেল। মহাগুরু মিঠুন চক্রবর্তী ও শমীক ভট্টাচার্যকে একঝলক দেখার আশায় সকাল থেকে ডালখোলা ফায়ার ব্রিগেডের পাশের মাঠে ভিড় জমিয়েছিলেন কয়েক হাজার মানুষ। কিন্তু দিনভর প্রতীক্ষার পর বিকেল সাড়ে পাঁচটা নাগাদ সভা বাতিলের ঘোষণা হতেই রণক্ষেত্রের চেহারা নেয় সভাস্থল (Mithun Chakraborty Rally Cancelled)।
করণদীঘির বিজেপি প্রার্থীর সমর্থনে এদিন বিশাল প্যান্ডেল ও মঞ্চ তৈরি করা হয়েছিল। সভার মূল আকর্ষণ ছিলেন মিঠুন চক্রবর্তী। দূর-দূরান্তের গ্রাম থেকে মানুষ এসেছিলেন প্রিয় অভিনেতাকে দেখতে। কিন্তু দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেলেও নেতাদের হেলিকপ্টার না পৌঁছানোয় কর্মীদের মধ্যে গুঞ্জন শুরু হয়। বিকেল ৪টের পর থেকে ধৈর্যের বাঁধ ভাঙতে শুরু করে। শেষমেশ বিকেল ৫:৩০ মিনিটে ঘোষণা করা হয় যে, নেতারা আসছেন না।


মঞ্চ থেকে দাবি করা হয়, পুলিশ শেষ মুহূর্তে হেলিপ্যাডে হেলিকপ্টার নামার অনুমতি না দেওয়ায় নেতারা আসতে পারেননি। তবে এই যুক্তি মানতে নারাজ বিক্ষুব্ধ কর্মীদের একাংশ। তাঁদের অভিযোগ, মিঠুন চক্রবর্তীর নাম করে তাঁদের গ্রাম থেকে ভুল বুঝিয়ে আনা হয়েছিল। সভার এই শোচনীয় পরিণতির জন্য স্থানীয় নেতৃত্ব ও প্রার্থীর অব্যবস্থাপনাকেই দায়ী করেছেন তাঁরা। অনেকেই প্রার্থীর বিরুদ্ধে সভার মাঝেই ক্ষোভ উগরে দেন।
ভোটের মুখে ডালখোলার এই ঘটনা বিজেপির জন্য যথেষ্ট অস্বস্তিকর বলে মনে করছে রাজনৈতিক মহল। একদিকে প্রশাসনের অসহযোগিতার অভিযোগ, অন্যদিকে নিজ দলের কর্মীদের মধ্যে ‘প্রতারিত’ হওয়ার বোধ— সব মিলিয়ে এই পণ্ড হওয়া সভা বিজেপির ভাবমূর্তিতে বড়সড় ধাক্কা দিল। সভা বাতিলের ঘোষণার সঙ্গে সঙ্গেই বিশাল প্যান্ডেল কার্যত জনশূন্য হয়ে পড়ে।

