উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিজেপির সভায় ‘উসকানিমূলক’ মন্তব্য করার অভিযোগ। বিজেপি নেতা তথা প্রবীণ অভিনেতা মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty) বিরুদ্ধে এফআইআর দায়ের করা হল কলকাতা পুলিশে।
লালবাজার সূত্রের খবর, বৌবাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে মিঠুনের বিরুদ্ধে। যেখানে উল্লেখ করা হয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা’র (Amit Shah) উপস্থিতিতে বিজেপির (BJP) একটি সভায় ‘উসকানিমূলক’ মন্তব্য করেছেন মিঠুন। দাবি করা হয়েছে, এর ফলে আইনশৃঙ্খলার অবনতি হতে পারে৷ সেই অভিযোগে, বউবাজার থানায় এফআইআর দায়ের করা হয়৷ নিরাপত্তার স্বার্থে অভিযোগকারীর নাম গোপন রাখা হয়েছে। তবে অভিযোগ দায়ের হওয়ার পর মিঠুনের বিরুদ্ধে পুলিশ কড়া পদক্ষেপ করবে কি না, তা এখনও স্পষ্ট নয়।


প্রসঙ্গত, বিজেপির সদস্য সংগ্রহ অভিযানের সূচনা করতে কলকাতায় এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ২৭ অক্টোবর সেই কর্মসূচি সংক্রান্ত এক সভায় ছিলেন মিঠুন। অভিযোগ, বিজেপির সভায় কিছু ‘উসকানিমূলক’ মন্তব্য করেছেন সদ্য ‘দাদাসাহেব ফালকে’ পুরস্কারপ্রাপ্ত অভিনেতা। লালবাজার সূত্রে খবর, মিঠুনের মন্তব্যের জেরে এফআইআর দায়ের করা হয়েছে। এখন দেখার, এনিয়ে মিঠুনের অবস্থান কী হয়।

