সামসী: মালদা জেলার সামসীতে (Samsi) নির্বাচনী (WB Election 2026) উত্তাপ বাড়িয়ে মনোনয়নপত্র জমা দিলেন মালতীপুর বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী মৌসম নূর (Mousam Noor)। সোমবার মনোনয়ন দাখিলের সময় তাঁর সমর্থনে সামসী ও পার্শ্ববর্তী এলাকায় উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়, যা কার্যত বিশাল এক শক্তিপ্রদর্শনে রূপ নেয়।
মনোনয়ন জমা দেওয়ার পর অত্যন্ত আত্মবিশ্বাসী মেজাজে মৌসম বলেন, “মানুষের এই বিপুল ভালোবাসা ও সমর্থন কল্পনাও করতে পারিনি। এই জনজোয়ারই প্রমাণ করছে মানুষ আমাদের সঙ্গে রয়েছেন।” আসন্ন নির্বাচনে মালতীপুর আসন থেকে নিজের জয়ের ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করার পাশাপাশি শাসকদলকে কড়া চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন তিনি। মৌসমের হুংকার, “এবারের নির্বাচনে মালতীপুরে পরিবর্তন নিশ্চিত। শুধু তাই নয়, গোটা মালদা জেলাতেই এবার তৃণমূল (TMC) শূন্য হবে।”
নির্বাচন যত এগোচ্ছে, মৌসমের এই আক্রমণাত্মক এবং আত্মবিশ্বাসী মন্তব্য মালদা জেলার রাজনৈতিক সমীকরণকে নতুন করে উসকে দিল বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

