জলপাইগুড়ি: ‘চেঞ্জ বিফোর ক্লাইমেট চেঞ্জ’ (Change Before climate change) এই বার্তাকে সামনে রেখে সাইকেলে ভারত ভ্রমণে (Bicycle tour) বেরিয়ে জলপাইগুড়িতে পৌঁছলেন প্রফেসর জয়ন্ত মহাজন। সাইকেলকে ভর করে সুস্থ থাকতে এবং পরিবেশ-জলবায়ুকে সুস্থ রাখতে ইতিমধ্যেই তিনি পাড়ি দিয়েছেন প্রায় ৭ হাজার কিলোমিটার রাস্তা। এখনও বাকি প্রায় ১৩ হাজার কিমি পথ।
ইচ্ছে থাকলে কি না হয়। কেউ শখে সাইকেলে চেপে ভ্রমণ করেন, কেউ আবার চান বেঁচে থাকতে কিছু পদচিহ্ন রেখে যেতে। ঠিক তেমনই একজন হলেন মুম্বাইয়ের (Mumbai) খোপালির বাসিন্দা প্রফেসর জয়ন্ত মহাজন৷ শুধুই সচেতনতামূলক বার্তা দেওয়াই নয় বনবিভাগ সহ বিভিন্ন স্কুলের সাহায্য নিয়ে তিনি রোপণ করে চলছেন একের পর গাছ। ছোট থেকে বড় করার দায়িত্ব এলাকাবাসীদের দিয়ে এগিয়ে চলছেন অন্য গন্তব্যের দিকে। ১ বছরের মধ্যে মোট ২০ হাজার কিলোমিটার পথ অতিক্রম করার লক্ষ্য নিয়ে বেরিয়েছেন তিনি। জানুয়ারির ২৩ তারিখে গুজরাটের কচ্ছের রানের জিরো পয়েন্ট ইন্দো-পাক সীমান্ত থেকে ভোর ৫ টায় শুরু করেন জীবনের প্রথম সাইকেল চেপে ভারত ভ্রমন। এখনও পর্যন্ত তিনি গুজরাট, মহারাষ্ট্র, গোয়া, কর্নাটক, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা হয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছেন। বর্তমানে তিনি রয়েছেন জলপাইগুড়ি শহরে। এখান থেকে আসাম, নর্থ ইস্ট, বিহার, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, লাদাখ, কাশ্মীর, পাঞ্জাব, রাজস্থান হয়ে আবার কচ্ছের রানে পৌঁছবেন।

