ফালাকাটা: বেশ কয়েক সপ্তাহ আগে উচ্ছেদ হয়েছে। কিন্তু এতদিন পুনর্বাসন নিয়ে কোনও আশার আলো দেখতে পাচ্ছিলেন না ফালাকাটা শহরের রাস্তা দখল করে ব্যবসা করে আসা হকাররা। তবে এবার ফুটপাথের ব্যবসয়ীদের নামের তালিকা তৈরি করতে শুরু করল ফালাকাটা পুরসভা। খোদ রাজ্য পুর ও নগরোন্নয়ন দপ্তরের নির্দেশেই ফালাকাটাতে হকারদের চিহ্নিতকরণ শুরু করেছে পুর কর্তৃপক্ষ। শহরের এক ফুটপাথ ব্যবসায়ী সাথী বিশ্বাস বলেন, ‘শুনেছি পুরসভা আমাদের তালিকা তৈরি করছে। আশায় আছি, হয়তো এবার ব্যবসা করার জন্য বিকল্প জায়গা দেবে।’
উচ্ছেদ হওয়ার পর অনেকদিন কেটে যাওয়ায় অনেক হকারই ফের ফুটপাথে টেবিল পেতে টুকটাক ব্যবসা শুরু করেছেন। তবে ফের অভিযান করতে পারে পুরসভা, সেই ভয়ও আছে। ফালাকাটা পুরসভার চেয়ারম্যান প্রদীপ মুহুরি বলেন, ‘রাজ্যের নির্দেশে আমাদের পুর এলাকায় হকারদের একটি তালিকা তৈরির কাজ শুরু হয়েছে। আমরা হকারদের একেবারে দোকানে গিয়ে সব দেখে তালিকা তৈরি করছি। তবে এই তালিকা দিয়ে কী হবে তা এখনও আমাদের জানানো হয়নি।’
একেবারে ফুটপাথ ব্যবসায়ীদের কাছে গিয়ে তাঁদের যাবতীয় তথ্য সংগ্রহ করছেন পুরকর্মীরা। ফালাকাটা পুরসভা সূত্রে জানা গিয়েছে, পুরকর্মীরা হকারদের দোকানে গিয়ে সমীক্ষার কাজ করছেন। ওই সময় দোকানদারদের নানা প্রশ্নও করছেন। বর্তমানে কারা ব্যবসা করছেন, তা চিহ্নিত করা হচ্ছে। পাশাপাশি ব্যবসায়ীদের এক কপি ফোটো, আধার কার্ড সহ কিছু কাগজপত্র নিচ্ছে পুরসভা। হকারদের থেকে এই সব নথিপত্র নিয়ে পুরসভা কী করবে, তা কিন্তু এখনও স্পষ্ট নয়। তবে একটি সূত্রে জানা গিয়েছে, ফালাকাটার ফুটপাথে কত হকার বসেন তার একটি তালিকা তৈরি করা হচ্ছে। যদি কখনও হকারদের পুনর্বাসন বা অন্য কোনও সুবিধা দেওয়ার কথা ওঠে, তখন এই তালিকায় থাকা হকাররাই অগ্রাধিকার পাবেন।
পুরসভা সূত্রে খবর, ফালাকাটার মেইন রোড, হাটখোলা, নেতাজি রোড সহ আরও বেশকিছু এলাকায় হকাররা ফুটপাথে ব্যবসা করতেন। তবে গত ১ জুলাই ফুটপাথ অভিযান করে হকার উচ্ছেদ করেছে পুরসভা। এখন তাই অনেকেই ব্যবসা বন্ধ করে উপার্জনের বিকল্প উপায় খুঁজছেন। আবার অনেকে একেবারে ছোট করে আগের ব্যবসাই শুরু করেছেন ফুটপাথে। তবে ফালাকাটার হকাররা চাইছেন পুনর্বাসন। শহরের ফুটপাথ ব্যবসায়ী পরিমল রায় বলেন, ‘১ মাসের ওপরে হয়ে গেল পুরসভা আমাদের দোকান সরিয়ে দিয়েছে। এখনও পর্যন্ত অন্যত্র দোকান দিতে পারিনি। তাই এখন সংসার চালানোই দায় হয়ে পড়েছে। এই অবস্থায় আমরা চাই পুরসভা ব্যবসা করার জন্য বিকল্প জায়গা দিক।’

