উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কোটা সংস্কার আন্দোলনে অগ্নিগর্ভ বাংলাদেশ (Bangladesh Quota Protest)। এমনকি ইন্টারনেট পরিষেবাও বন্ধ সেদেশে। গোটা বিশ্বের সঙ্গে কার্যত বিচ্ছিন্ন বাংলাদেশ। কিন্তু এই পরিস্থিতিতেই নাকি বাংলাদেশে যেতে চাইছেন গায়ক নচিকেতা চক্রবর্তী (Nachiketa Chakraborty)। কিন্তু হঠাৎ বাংলাদেশে কেন যেতে চাইছেন গায়ক?
এই প্রশ্নের উত্তর দিয়েছেন স্বয়ং নচিকেতা নিজেই। তিনি বলেন, ‘গানের অনুষ্ঠান করতে প্রায়ই ওপার বাংলায় যাই আমি। বাংলাদেশের মানুষ আমার গান ভালোবাসেন। আগামী ২৬ জুলাই তেমনই একটি অনুষ্ঠানের কথা অনেক দিন ধরেই ঠিক হয়ে রয়েছে। সেটার জন্যই যাব।’ এমনকি ২১ জুলাই শহিদ সমাবেশের মঞ্চে একথা তিনি জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও। তবে মুখ্যমন্ত্রীও এই পরিস্থিতিতে বাংলাদেশে যেতে নিষেধ করেছেন নচিকেতাকে।


তবে গায়ক মুখ্যমন্ত্রীর নিষেধ মানবেন কিনা এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমি শিল্পী। গান গাওয়া আমার পেশা। এছাড়াও এই অনুষ্ঠানটি নিয়ে কথা দেওয়া রয়েছে। তাই আমি যাব।’ তিনি যদিও জানান, ২৩ জুলাই ছাত্রলিগের সঙ্গে বাংলাদেশ সরকারের আলোচনায় বসার কথা রয়েছে। আলোচনা ইতিবাচক হলে নিশ্চয়ই পরিস্থিতি স্বাভাবিক হবে। তখন অনুষ্ঠানে কোনও বাধা থাকবে না। তাহলে তিনিও যেতে পারবেন বাংলাদেশে।

