উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পয়লা ডিসেম্বর চর্চিত প্রেমিক তথা পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন অভিনেত্রী সামান্থা রুথ প্রভু (Samantha Ruth Prabhu)। আর কাকতালীয়ভাবে আগামী ৪ ডিসেম্বরই সামান্থার প্রাক্তন স্বামী নাগা চৈতন্য (Naga Chaitanya) ও শোভিতা ধুলিপালার প্রথম বিবাহবার্ষিকী। এদিকে, সামান্থা ও রাজের বিয়ের ছবি প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন নাগা।
সোশ্যাল মিডিয়া পোস্টে নাগা লিখেছেন, “একজন অভিনেতা যদি সৃজনশীলতা ও সততার ভিত্তিতে সিদ্ধান্ত নেন এবং নিজের সেরাটা দিয়ে কাজ করেন, তবে মানুষ তাঁর কাজের সঙ্গে একাত্ম অনুভব করে। তারা সেই শক্তিটা গ্রহণও করে, আবার ফিরিয়েও দেয়। ‘ধূতা’ হল এর সবচেয়ে বড় উদাহরণ।” ছবিটির ২ বছর পূর্তি উপলক্ষ্যেই যদিও পোস্টটি করেছেন তিনি। কিন্তু সোশ্যাল মিডিয়ায় খুব একটা সক্রিয় নন নাগা। কিন্তু আচমকাই সামান্থার বিয়ের পরই নাগার পোস্ট দেখে স্বাভাবিকভাবেই কৌতূহল জন্মেছে নেটনাগরিকদের মনে।

