নাগরাকাটাঃ ফের জরুরীকালীন ব্রেক কষে রেল লাইনে দাঁড়িয়ে থাকা হাতিকে বাঁচালেন দুই ট্রেন চালক। বুধবার বিকেলে ঘটনাটি ঘটে নাগরাকাটা ও চালসা স্টেশনের মাঝে চাপরামারির জঙ্গলে। আলিপুরদুয়ার জংশন থেকে এনজেপিগামী ১৫৭৭৮ ডাউন ভিস্টাডোম ট্যুরিস্ট এক্সপ্রেস এর দুই চালক বিশ্বজিত সরকার ও মনোহর কুমার হঠাৎ একটি বিরাট দাঁতালকে চাপরামারির জঙ্গল চেরা ৭১/২ নম্বর পিলারের কাছে ঘোরাফেরা করতে দেখেন। হাতিটি রেল লাইনের ওপরেও উঠে যায়। দেখামাত্রই তাঁরা জরুরীকালীন ব্রেক কষে ট্রেন থামিয়ে দেন। চালকের তৎপরতায় এই যাত্রায় প্রাণে বেঁচে যায় হাতিটি।
এর আগে গত ২২ জুলাই বাগরাকোট ও সেবক স্টেশনের মাঝে মহানন্দার জঙ্গলে ১৫৪৬৮ শিলিগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেসের দুই চালক বিকাশ দেবনাথ ও গণেশ ঘোষ, গত ২৫ জুলাই ১৩১৫০ ডাউন কাঞ্চনকন্যা এক্সপ্রেস এর চালক উত্তম বড়ুয়া ও শুভজিত কার্জি ওই দুই স্টেশনের মাঝেই ব্রেক কষে হাতিকে বাঁচিয়ে ছিলেন।



