উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শরীরে কোনও রোগ বাসা বাঁধলে তার আভাস কিন্তু দিয়ে দেয় নখের রং ও আকার (Nails)। তাই হঠাৎ নখের রং ও আকারে বদল দেখতে মোটেই এড়িয়ে যাবেন না। অনেকের যেমন নখ বাড়ার সঙ্গে সঙ্গেই তা ভেঙে যায়। এই লক্ষণও কিন্তু স্বাভাবিক নয়। নখের কী পরিবর্তন দেখে কোন রোগের আভাস পাবেন, তা জেনে নিন।
হলদেটে ছোপ


নখের উপর হলদেটে ছোপ পড়লে বুঝতে হবে তা ডায়াবিটিসের ইঙ্গিত। ছত্রাকের সংক্রমণেও নখের উপর হলদেটে ছোপ পড়ে। আবার ফুসফুসের সমস্যা হলেও নখের রংয়ে এমন বদল দেখা যায়।
নীল বা বেগুনি ছোপ
নখে নীলচে বা বেগুনি রংয়ের ছোপ ধরলে বুঝতে হবে শরীরে অক্সিজেনের মাত্রা কম। হাঁপানি বা হার্টের রোগের ক্ষেত্রে এমন হতে পারে।
সাদা বা ফ্যাকাশে নখ
নখের রং যদি সাদাটে বা খুব ফ্যাকাশে হয়ে যায়, তা হলে বুঝতে হবে লিভারের সমস্যা শুরু হয়েছে। পাশাপাশি শরীরে আয়রনের মাত্রাও কমছে।
কালচে রং
নখের রং কালচে হয়ে গেলে তা কিডনির সমস্যার ইঙ্গিত হতে পারে। যকৃতের সমস্যাও হতে পারে এর কারণ।

