উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: লোকসভা নির্বাচনের (Loksabha election 2024) ফল ঘোষণা হয়ে গেছে। তৃতীয়বারের জন্য মসনদে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। গেরুয়া শিবির সূত্রে খবর, আগামী ৮ জুন প্রধানমন্ত্রী পদে শপথ (Oath) নিতে পারেন নরেন্দ্র মোদি। ইতিমধ্যেই রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর (Droupadi Murmu) সঙ্গে দেখা করে পদত্যাগপত্র জমা দিয়েছেন মোদি। নিয়ম অনুসারে, নতুন সরকার গঠনের আগে রাষ্ট্রপতির কাছে দাবি জানিয়েছেন তিনি।
বিজেপি সূত্রে জানা গেছে, আগামী শনিবার অর্থাৎ ৮ জুন রাত ৮টা নাগাদ নরেন্দ্র মোদি শপথ গ্রহণ করতে পারেন। তাঁর শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মোদির মন্ত্রিপরিষদের সদস্য ও জয়ী সাংসদরাও। শপথ গ্রহণ অনুষ্ঠানের পাশাপাশি থাকবে রাজনৈতিক মেগা ইভেন্টও। এছাড়াও শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হতে পারে প্রতিবেশী দেশগুলির রাষ্ট্রপ্রধানদের এবং দিল্লিতে অবস্থিত বিদেশী দূতাবাসের প্রতিনিধিদেরও। মোট ৮ থেকে ১০ হাজার অতিথি শপথ গ্রহণ অনুষ্ঠানে আসতে পারে।


উল্লেখ্য তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদি শপথ নিলে জওহরলাল নেহেরুর পরে তিনিই হবেন দ্বিতীয় ব্যক্তি, যিনি পর পর তিন বার প্রধানমন্ত্রীর আসনে বসছেন। যদিও ২০১৪ এবং ২০১৯-এর মতো একক সংখ্যাগরিষ্ঠতা চলতি লোকসভায় পায়নি বিজেপি। তবে জোট হিসাবে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ (NDA) পেয়েছে ২৯২টি। তাই সব কিছু ঠিক থাকলে এনডিএ সরকার গড়তে চলেছে কেন্দ্রে। অন্যদিকে, দেশ জুড়ে কেন লোকসভা নির্বাচনের ফলাফল এমন হল বিজেপির, তা পর্যালোচনা করতে বুধবার সকাল সাড়ে ১১টায় নিজের বাসভবনে বৈঠক করেন নমো।

