উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: নাসার (NASA) ইতিহাসে এই প্রথম। মহাকাশে থাকাকালীন নভশ্চরদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় মাঝপথেই অভিযান কাটছাঁট করে তাঁদের পৃথিবীতে ফিরিয়ে আনা হলো। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (ISS)-এ চিকিৎসায় কাজ না হওয়ায় অতি দ্রুত এই উদ্ধার অপারেশন চালায় মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। সোমবার ভোরে প্রশান্ত মহাসাগরের বুকে চার নভশ্চরকে (Astronauts) নিয়ে সুরক্ষিতভাবে অবতরণ করে স্পেসশিপ ‘এন্ডেভার’।
ফিরে আসা চারজনের মধ্যে রয়েছেন নাসার দুই বিজ্ঞানী জেনা কার্ডম্যান ও মাইক ফিঞ্চ, জাপানি মহাকাশ সংস্থা জাক্সা-র কিমিয়া উই এবং রাশিয়ার ওলেগ প্লান্টোনভ। সপ্তাহখানেক আগে থেকেই তাঁদের অসুস্থতার খবর পাওয়া যাচ্ছিল। মহাকাশে থাকা ওষুধ বা টেলিমেডিসিন পদ্ধতিতে কাজ না হওয়ায় নাসা তাঁদের পৃথিবীতে ফিরিয়ে আনার ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেয়। সোমবার স্থানীয় সময় ভোর সাড়ে তিনটে নাগাদ দক্ষিণ ক্যালিফোর্নিয়ার কাছে সমুদ্রে সফলভাবে স্প্ল্যাশডাউন করে মহাকাশযানটি।
নাসার বর্তমান প্রশাসক জারেড আইজ্যাকম্যান জানিয়েছেন, ফিরে আসা চার নভশ্চরের শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। তবে তাঁদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। দীর্ঘ চিকিৎসা প্রক্রিয়ার পর তাঁরা পরিবারের সঙ্গে দেখা করার অনুমতি পাবেন। নাসা এই অপারেশনের খুঁটিনাটি নিয়ে গোপনীয়তা বজায় রাখলেও, পুরো প্রক্রিয়াটি যে অত্যন্ত নিখুঁত ও সফল ছিল, তা মেনে নিয়েছেন বিজ্ঞানীরা।
অতীতে বহুবার মহাকাশ থেকে ফেরার পথে দুর্ঘটনার নজির থাকলেও, এবার প্রতিকূলতা কাটিয়ে অত্যন্ত মসৃণভাবে অবতরণ করেছে স্পেসশিপ। নাসার পক্ষ থেকে এক সংক্ষিপ্ত বার্তায় জানানো হয়েছে, মহাকাশ যেমন বিপজ্জনক, তাদের মেডিক্যাল সিস্টেমও ঠিক ততটাই শক্তিশালী। নাসার এই দ্রুত পদক্ষেপের ফলে এক বড়সড় বিপর্যয় এড়ানো সম্ভব হলো বলে মনে করা হচ্ছে।

