উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভারত-চিন (India-China) সীমান্ত সমস্যা এখন কিছুটা মিটেছে। পূর্ব লাদাখে (East Ladakh) ডেপসাং-ডেমচকের মতো সীমান্ত এলাকা থেকে সেনা প্রত্যাহারও করে নিয়েছে দুই দেশ। ফলে প্রতি মুহূর্তের টানটান উত্তেজনাটা এখন আর নেই। এই পরিস্থিতিতে আপাতত ১৭ ডিসেম্বর বেজিং যাচ্ছেন ভারতের নিরাপত্তা উপদেষ্টা (National Security Advisor) অজিত দোভাল (Ajit Doval)। বিশেষ প্রতিনিধি গোষ্ঠীর বৈঠকে যোগ দিতেই ডোভালের চিন সফর বলে জানা যাচ্ছে। কূটনৈতিক মহল মনে করছে, সেনা প্রত্যাহার অবশ্যই ইতিবাচক ঘটনা হলেও এখনও অনেক জায়গায় জটিলতা রয়েছে। রাশিয়ার কাজানে ব্রিকস সম্মেলনে যোগ দিয়ে মোদি-জিনপিং (Modi-Xinping) বৈঠকের পর সেই সমস্যা সমাধানের সম্ভাবনা দেখা দিয়েছে। এবারের চিন সফরে সেই সমাধানের দিকগুলোকেই আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করবেন দোভাল। এই লক্ষ্যেই উভয় দেশের বিশেষ প্রতিনিধিদের গোষ্ঠী আলোচনা চালাচ্ছে। সেই গোষ্ঠীর সদস্য ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। এছাড়াও রয়েছেন, চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই। ভারত চিন উভয় দেশই মনে করছে গালওয়ানের মত ঘটনা এড়াতে অর্থবহ আলোচনা জরুরি।
ভারত-চিন সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে প্রতিনিধিদের আলোচনা এর আগেও হয়েছে। শেষবার এই বৈঠক হয় ২০১৯ সালে। তখন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছিলেন চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই। কিন্তু তারপরই ২০২০ সালে পূর্ব লাদাখের গালওয়ান এলাকায় দুই দেশের মধ্যে সামরিক সংঘাতের ঘটনা ঘটে। তারপর থেকে উত্তেজনা বৃদ্ধি পায়। যা সম্প্রতি ২৩ অক্টোবর ব্রিকস সম্মলেনের পর প্রশমিত হয়। গত ৩ ডিসেম্বর বিদেশমন্ত্রী জয় শংকর বলেন, ‘ভারত চিনের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে স্বচ্ছ, যুক্তিপূর্ণ, দুই দেশের কাছে গ্রহণযোগ্য ব্যবস্থার মাধ্যমে সীমান্ত সমস্যা মিটিয়ে নিতে আগ্রহী।’ এবার দোভালের সফরের মধ্যে দিয়ে সেই প্রক্রিয়াই শুরু হল বলে মনে করা হচ্ছে।

