উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভারত-আমেরিকার শুল্ক যুদ্ধ তো চলছেই। এর মধ্যেই আমেরিকার প্রতিবেশী দেশ মেক্সিকোও (Mexico) ভারতের উপর ৫০ শতাংশ শুল্ক (tariff) আরোপ করার পথে হাঁটছে।
কিছু দিন আগে মেক্সিকোর তরফে ওই ঘোষণার পর সেদেশের আধিকারিকদের সঙ্গে আলোচনা শুরু করেছে ভারত। তবে নয়াদিল্লির তরফে জানানো হয়েছে আলোচনায় কাজ না হলে উপযুক্ত পদক্ষেপ করা হবে।
১১ ডিসেম্বর নতুন শুল্ক নীতিতে সম্মতি দিয়েছে মেক্সিকোর সেনেট। সেখানে বলা হয়েছে, যে সমস্ত দেশের সঙ্গে মেক্সিকোর মুক্ত বাণিজ্যনীতির চুক্তি নেই, সেই সমস্ত দেশের পণ্যে ৫ থেকে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই তালিকায় রয়েছে, ভারত, ইন্দোনেশিয়া, দক্ষিণ কোরিয়া, চিন, থাইল্যান্ড।
সূত্রের খবর, সেপ্টেম্বর মাস থেকে এবিষয়ে মেক্সিকো সরকারের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে সেখানকার ভারতীয় দূতাবাস (Indian Embassy)। ভারতকে মেক্সিকোর এই নতুন শুল্কের আওতার বাইরে রাখার জন্য সেদেশের সরকারের কাছে আবেদন জানানো হয়েছিল। কিন্তু তাতে কোনও লাভ হয়নি।
ভারতীয় দূতাবাসের এক আধিকারিকের কথায়, ‘‘মেক্সিকোকে যথেষ্ট গুরুত্ব দেয় ভারত। দুই দেশের মধ্যে স্থিতিশীল, ভারসাম্যযুক্ত বাণিজ্যনীতি তৈরি করতে আমরা সর্বদা আলোচনা করতে প্রস্তুত। দুই দেশের ব্যবসায়ীরা যাতে লাভবান হন সেজন্য ভারতীয় বাণিজ্য মন্ত্রকের তরফে মেক্সিকোর অর্থ মন্ত্রকের সঙ্গে কথা চলছে।’’
তবে ওই আধিকারিক আরও বললেন, ‘‘ভারতীয় রপ্তানি কারকদের স্বার্থ রক্ষায় নয়াদিল্লি উপযুক্ত পদক্ষেপ করতেই পারে। ভারতের সেই অধিকার রয়েছে। কিন্তু আগে আমরা আলোচনার মাধ্যমেই সমস্যা সমাধানের চেষ্টা করব।’’
ভারতের বাণিজ্যসচিব রাজেশ আগরওয়ালের সঙ্গে মেক্সিকোর অর্থ মন্ত্রকের উপমন্ত্রী লুইস রসেন্ডোর একটি বৈঠক ইতিমধ্যে হয়ে গিয়েছে। আগামী দিনে আরও কিছু বৈঠক হতে পারে।
পরিসংখ্যান বলছে, ২০২৪-২৫ সালে মেক্সিকোতে ৫২ হাজার কোটি টাকার পণ্য রপ্তানি করেছিল ভারত। অন্যদিকে মেক্সিকো থেকে আমদানি করা হয়েছিল ২৬ হাজার কোটি টাকার পণ্য। ভারতের সঙ্গে কোনও রকম আলোচনা ছাড়াই মেক্সিকো চড়া হারে শুল্ক আরোপের সিদ্ধান্ত নেওয়ায় অসন্তুষ্ট হয়েছে নয়াদিল্লি।
হঠাৎ এমন সিদ্ধান্ত সহযোগিতামূলক নয়। তবে এবিষয়ে আলোচনা চলছে। এই মুহূর্তেই নয়াদিল্লি মেক্সিকোর বিরুদ্ধে কঠোর কোনও পদক্ষেপের চিন্তা ভাবনা করছে না।

