উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: এবার বাংলাদেশের টাকা (Bangladeshi Taka) থেকেও মুছে যেতে চলেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের (Sheikh Mujibur Rahman) ছবি। এর পরিবর্তে টাকার নকশায় যুক্ত করা হবে ধর্মীয় স্থাপনা, বাঙালি ঐতিহ্য সহ ‘জুলাই বিপ্লবের গ্রাফিতি’ (July Revolution Graffiti)। এমনই সিদ্ধান্ত নিয়েছে মুহাম্মদ ইউনূসের সরকার।
সূত্রের খবর, আপাতত ২০, ১০০, ৫০০ ও ১০০০ টাকার নোটের নকশা পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার (Bangladesh Interim Government)। ইতিমধ্যেই এই নিয়ে বাংলাদেশ ব্যাংককে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে সরকারের তরফে। শুরু হয়ে গিয়েছে টাঁকশালে নতুন নোট ছাপানোর কার্যক্রমও। সব ঠিকঠাক থাকলে আগামী ছয় মাসের মধ্যে বাংলাদেশের বাজারে চলে আসবে এই নতুন নোটগুলি। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক ও অর্থমন্ত্রকের আধিকারিকরা জানিয়েছেন, প্রাথমিকভাবে চারটি নোটের নকশায় পরিবর্তন করা হচ্ছে। পরবর্তী সময়ে ধাপে ধাপে দেশের সব ধরনের নোটের নকশা পরিবর্তন করা হবে।


জানা গিয়েছে, গত ২৯ সেপ্টেম্বর বাংলাদেশের অর্থমন্ত্রকের অর্থ বিভাগ নতুন নোটের বিস্তারিত নকশার প্রস্তাব জমা দিতে বাংলাদেশ ব্যাংককে চিঠি দেয়। তবে নতুন নোট ছাপানোর বিষয়ে মূল সুপারিশ দেয় কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রা ও নকশা উপদেষ্টা কমিটি। এরপর টাকার নকশা চূড়ান্ত করে সরকারের কাছে প্রস্তাব পাঠানোর পর অনুমোদন দেওয়া হয়। এপ্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা বলেন, ‘নতুন নকশায় টাকা ছাপার বিষয়ে সরকারের অনুমোদন পাওয়া গিয়েছে। এখন বাকি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।’ অন্যদিকে টাঁকশালের এক কর্মকর্তা জানান, চলতি মাসেই টেন্ডার আহ্বান করা হবে। এই প্রক্রিয়া শেষ হলে ছাপার কাজ শুরু হবে। নতুন টাকা আগামী জুনের আগেই বাজারে আসবে।
উল্লেখ্য, বর্তমানে বাংলাদেশের ১, ২, ৫, ১০, ২০, ৫০, ১০০, ২০০, ৫০০ ও ১০০০ টাকার ১০টি কাগুজে নোট বাজারে রয়েছে। যার মধ্যে ২ টাকা থেকে শুরু করে ১০০০ টাকা পর্যন্ত সব নোটেই রয়েছে শেখ মুজিবুর রহমানের ছবি। আবার কোনও কোনও নোটের দুপাশেই শেখ মুজিবের ছবি রয়েছে। এছাড়া ধাতব মুদ্রাগুলিতেও তাঁর ছবি আছে।

