উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2026) শুভ সূচনা করল নিউজিল্যান্ড। রবিবার চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে (New Zealand vs Afghanistan) আফগানিস্তানকে ৫ উইকেটে হারিয়ে পূর্ণ পয়েন্ট তুলে নিল মিচেল স্যান্টনারের দল। ১৮৩ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ওপেনার টিম সাইফার্টের বিধ্বংসী ব্যাটিং ও বোলারদের সম্মিলিত প্রচেষ্টায় দাপুটে জয় ছিনিয়ে নিল কিউয়িরা।
১৮৩ রান তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খেয়েছিল নিউজিল্যান্ড। ১৪ রানের মধ্যে মুজিব উর রহমানের শিকার হয়ে প্যাভিলিয়নে ফেরেন ফিন অ্যালেন (১) ও রাচিন রবীন্দ্র (০)। তবে ওপেনার টিম সাইফার্ট ও গ্লেন ফিলিপ্স পাল্টা লড়াই শুরু করেন। সাইফার্ট ৪২ বলে করেন ৬৫ রান (৭টি চার ও ৩টি ছয়)। ফিলিপ্স ২৫ বলে ৪২ রানের ক্যামিও খেলেন। তৃতীয় উইকেটের এই ৭৪ রানের জুটিতেই ম্যাচ কিউয়িদের নিয়ন্ত্রণে চলে আসে। শেষদিকে মার্ক চ্যাপম্যান (২৮), ড্যারেল মিচেল (২৫*) এবং অধিনায়ক স্যান্টনারের অপরাজিত ১৭ রানের ইনিংসে ভর করে ১৩ বল বাকি থাকতেই জয় নিশ্চিত করে নিউজ়িল্যান্ড।
প্রথমে ব্যাট করে আফগানিস্তান ৬ উইকেটে ১৮২ রান তুলেছিল। গুলবাদিন নাইবের ৩৫ বলে ৬৩ রানের ঝোড়ো ইনিংস এবং রহমানুল্লা গুরবাজের ২৭ রানের সুবাদে লড়াই করার মতো পুঁজি পেয়েছিল রশিদের দল। তবে চেন্নাইয়ের পিচে আফগান স্পিনারেরা আশানুরূপ প্রভাব ফেলতে পারেননি। মুজিব ৩১ রানে ২ উইকেট নিলেও রশিদ ও নবি ছিলেন খরুচে। নিউজিল্যান্ডের লকি ফার্গুসন ৪০ রানে ২ উইকেট নিয়ে সফলতম বোলার হন।
এই জয়ের ফলে গ্রুপ পর্বে নিজেদের অবস্থান মজবুত করল স্যান্টনার বাহিনী। অন্যদিকে, লড়াই দিলেও বোলারদের ব্যর্থতায় হার দিয়েই টুর্নামেন্ট শুরু করতে হলো রশিদ খানদের।

