উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজ্যে নতুন করে থাবা বসাল প্রাণঘাতী নিপা ভাইরাস (Nipah Virus)। সোমবারই রাজ্যের দুই নার্সের শরীরে এই মারণ ভাইরাসের হদিশ মিলেছে। বর্তমানে তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনার পরেই পরিস্থিতি মোকাবিলায় রাজ্যের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছে কেন্দ্র। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা (JP Nadda) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (CM Mamata Banerjee) ফোন করে প্রশাসনিক সহায়তার আশ্বাস দিয়েছেন।
নিপা সংক্রমণের খবর প্রকাশ্যে আসতেই নবান্ন এবং কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের মধ্যে সমন্বয় শুরু হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা জানিয়েছেন, সম্ভাব্য সংক্রমণ রুখতে পরিকাঠামোগত কোনও ঘাটতি রাখা হবে না। কেন্দ্রীয় বিশেষজ্ঞ দল ইতিমধ্যেই রাজ্য প্রশাসনের সঙ্গে কাজ শুরু করেছে। পরিস্থিতির গুরুত্ব বিচার করে একটি জাতীয় পর্যায়ের ‘যৌথ আউটব্রেক রেসপন্স টিম’ (Outbreak Response Team) মোতায়েন করা হয়েছে। এই দলটির মূল কাজ হবে সংক্রমণের উৎস খুঁজে বের করা এবং স্থানীয় স্বাস্থ্য দফতরের সঙ্গে পরিস্থিতি মূল্যায়ন করা। এছাড়াও, নিপা মোকাবিলায় নির্ধারিত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (SOP) রাজ্যের হাতে তুলে দেওয়া হয়েছে।
মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে গোটা পরিস্থিতির ওপর নজর রাখছেন। আক্রান্ত দুই নার্স ঠিক কীভাবে সংক্রমিত হলেন এবং তাঁরা গত কয়েকদিনে কাদের কাদের সংস্পর্শে এসেছিলেন, তা খতিয়ে দেখতে ‘কন্ট্যাক্ট ট্রেসিং’-এর কাজ শুরু হয়েছে। সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতালগুলির জন্যও বিশেষ গাইডলাইন তৈরি করছে স্বাস্থ্য দফতর। সংক্রমণ-প্রবণ এলাকাগুলিতে নজরদারি বাড়ানোর পাশাপাশি ল্যাবরেটরি পরীক্ষার হারও বৃদ্ধি করা হয়েছে।
Union Health Minister Shri JP Nadda assures the West Bengal Government of comprehensive technical, logistical and operational support following the detection of two suspected Nipah virus cases at ICMR-VRDL, AIIMS Kalyani.
Immediate coordinated action has been initiated;… pic.twitter.com/E0rdJGD6tA
— Ministry of Health (@MoHFW_INDIA) January 12, 2026
আতঙ্কিত না হয়ে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে রাজ্য সরকার। যে কোনও তথ্য বা সাহায্যের জন্য নবান্নের তরফে দুটি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে:
-
০৩৩-২৩৩৩০১৮০
-
৯৮৭৪৭০৮৮৫৮
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, নিপা ভাইরাস মূলত পশু (বিশেষত বাদুড়) থেকে মানুষের শরীরে ছড়ায়। তবে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলেও সংক্রমণের প্রবল ঝুঁকি থাকে। তাই হাসপাতালগুলিতে ইনফেকশন প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল (IPC) প্রোটোকল কঠোরভাবে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। সোমবারই নবান্নে এই বিষয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠক সেরেছে রাজ্যের স্বাস্থ্য বিভাগ।

