শিলিগুড়ি: শহর সংলগ্ন এলাকায় ফের রুখে দেওয়া হলো এক বাল্যবিবাহ। একটি নাবালিকা মেয়ের লুকিয়ে বিয়ে (Child Marriage Stopped) দেওয়ার চেষ্টা করার অভিযোগে বর ও পুরোহিতসহ মোট চারজনকে গ্রেফতার করল নিউ জলপাইগুড়ি (NJP) থানার পুলিশ (New Jalpaiguri Police)। উদ্ধার হওয়া নাবালিকাটিকে বর্তমানে হোমে পাঠানোর প্রক্রিয়া চলছে।
শিলিগুড়ি সংলগ্ন ঘোড়ার বাড়ি ভোলা মোড় এলাকায় সোমবার রাতে একটি বিয়ের আয়োজন চলছিল। স্থানীয় সূত্রে খবর, আয়োজনটি বেশ গোপনেই সারা হচ্ছিল। তবে প্রতিবেশীদের মনে সন্দেহ জাগায় তাঁরা দ্রুত পুলিশে খবর দেন। খবর পাওয়া মাত্রই এনজেপি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং বিয়ের মণ্ডপ থেকে নাবালিকাটিকে উদ্ধার করে।
তদন্তে নেমে পুলিশ জানতে পারে, ২৪ বছর বয়সী মনোজিৎ ঘোষের সঙ্গে ওই নাবালিকার বিয়ে দেওয়া হচ্ছিল। আইনত অপরাধ জেনেও এই বিয়েতে সক্রিয়ভাবে মদত দেওয়ার অভিযোগে মনোজিতের দুই মামা— অসীম দাস ও অসিত দাসকে পুলিশ গ্রেফতার করেছে। এমনকি এই অবৈধ বিয়ে সম্পন্ন করার জন্য যে পুরোহিতকে ডেকে আনা হয়েছিল, সেই ছোটন চক্রবর্তীকেও পুলিশ রেহাই দেয়নি। তাকেও গ্রেপ্তার করা হয়েছে।
চাইল্ড ম্যারেজ অ্যাক্ট বা বাল্যবিবাহ নিরোধক আইন লঙ্ঘনের দায়ে ধৃত চারজনকেই আজ জলপাইগুড়ি আদালতে (Jalpaiguri Court) তোলা হবে। অন্যদিকে, উদ্ধার হওয়া নাবালিকা মেয়েটিকে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির (CWC) মাধ্যমে নিরাপদ আশ্রয়ে পাঠানোর আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।
পুলিশের এই দ্রুত পদক্ষেপে এলাকার বাসিন্দারা স্বস্তি প্রকাশ করেছেন এবং প্রশাসনের এই সক্রিয় ভূমিকাকে সাধুবাদ জানিয়েছেন।

