নয়াদিল্লি: বালখিল্য মন্তব্য করছেন রাহুল গান্ধি, এভাবেই তাঁর উদ্দেশ্যে কটাক্ষ করলেন কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী এবং অরুণাচল প্রদেশের সাংসদ কিরেন রিজিজু। মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় কেন কোনও ‘দলিত’ বা ‘আদিবাসী’ নেই, শনিবার উত্তরপ্রদেশের প্রয়াগরাজে একটি সম্মেলনে এই প্রশ্ন তুলেছিলেন রাগা। তিনি বলেছিলেন, ‘আমি মিস ইন্ডিয়ার তালিকা চেক করেছি, সেখানে কোনও দলিত, আদিবাসী (উপজাতি) বা ওবিসি (অন্যান্য অনগ্রসর শ্রেণি) মহিলা নেই।’ পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে দলিত, আদিবাসীদের যোগদান নেই বলেও সরব হন কংগ্রেস নেতা। তিনি বলেন, ‘৯০ শতাংশ জনসংখ্যার অংশগ্রহণ ছাড়া দেশ ভালোভাবে চলতে পারে না।’
সেই মন্তব্যেরই পালটা দিয়েছেন রিজিজু। তিনি দলিত এবং উপজাতি ইস্যুতে রাহুল গান্ধির মন্তব্যকে ‘শিশুসুলভ’ বলে কটাক্ষ করেছেন। সেই সঙ্গে কংগ্রেস নেতাকে একটি সত্যতা যাচাই করার পরামর্শ দিয়েছেন। কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন, ‘রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দেশের প্রথম রাষ্ট্রপতি যিনি একজন আদিবাসী। ওবিসি, তপশিলি জাতি এবং উপজাতি সম্প্রদায় থেকে রেকর্ড সংখ্যক ক্যাবিনেট মন্ত্রী রয়েছেন। সেগুলি রাহুল গান্ধির চোখে পড়ছে না।’ সোশ্যাল মিডিয়া পোস্টে রিজিজুর কটাক্ষ, ‘তিনি (রাহুল গান্ধি) মিস ইন্ডিয়া প্রতিযোগিতা, চলচ্চিত্র, খেলাধুলায় সংরক্ষণ চান! এটা শিশুসুলভ কথা। এজন্য যাঁরা তাঁকে উৎসাহিত করেন তাঁরাও সমানভাবে দায়ী।’ তাঁর সংযোজন, ‘রাহুল গান্ধি জি, সরকার মিস ইন্ডিয়া নির্বাচন করে না, সরকার অলিম্পিকের জন্য ক্রীড়াবিদ নির্বাচন করে না এবং সরকার চলচ্চিত্রের জন্য অভিনেতা নির্বাচন করে না।’

