উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: এশিয়া কাপের মঞ্চে ফের একবার ভারত-পাকিস্তান দ্বৈরথ ঘিরে তৈরি হল নতুন বিতর্ক। রবিবার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের গ্রুপ এ ম্যাচেও পাকিস্তানের খেলোয়াড়দের সঙ্গে ‘নো-হ্যান্ডশেক নীতি’ বজায় রাখল ভারতীয় দল। সূত্রের খবর, এই অনূর্ধ্ব-১৯ প্রতিযোগিতা থেকে ‘রাজনীতি’ দূরে রাখতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC) হাত মেলানোর জন্য অনুরোধ করলেও ভারত সেই অনুরোধ রাখেনি।
অতীতে সিনিয়র পুরুষদের এশিয়া কাপ, মহিলা ওয়ানডে বিশ্বকাপ এবং রাইজিং স্টারস এশিয়া কাপ টি-২০ প্রতিযোগিতাতেও পাকিস্তানের খেলোয়াড়দের সঙ্গে হাত মেলাননি ভারতীয় ক্রিকেটাররা। সেই ধারা বজায় রেখে এদিন টসের সময়ও ভারত অধিনায়ক আয়ুষ মাহাত্রে পাকিস্তানের অধিনায়ক ফারহান ইউসুফের সঙ্গে হাত মেলাননি।
এদিন টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক ফারহান ইউসুফ। ব্যাটিং করতে নেমে ভারতীয় দল কিছুটা ভালো শুরু করলেও, পুরো ৫০ ওভার খেলতে পারেনি। ৪৬.১ ওভারে ২৪০ রানে অলআউট হয়ে যায় তারা।
ওপেনার বৈভব সূর্যবংশী (৫) দ্রুত আউট হন।অধিনায়ক আয়ুষ মাহাত্রেও (৩৮) বড় স্কোর করতে পারেননি। অ্যারন জর্জ ৮৫ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলে দলকে ভালো প্ল্যাটফর্ম দেন, তবে তিনি অন্য প্রান্ত থেকে বিশেষ সমর্থন পাননি। শেষদিকে কনিষ্ক চৌহান ৪৬ রানের একটি কার্যকরী ইনিংস খেলে ভারতকে ২৪০-এ পৌঁছাতে সাহায্য করেন। পাকিস্তানের হয়ে সফলতম বোলার ছিলেন মোহাম্মদ সাইয়্যাম এবং আব্দুল সুবহান। দু’জনেই ৩টি করে উইকেট দখল করেন।

