নিউ ইয়র্ক: রেকর্ড সংখ্যক ২৫তম গ্র্যান্ড স্ল্যামের লক্ষ্যে শুরুটা দাপটে করলেন নোভাক জকোভিচ। ভারতীয় সময় ভোরে ইউএস ওপেনের প্রথম রাউন্ডে রাদু অ্যালবিওটকে ৬-২, ৬-২, ৬-৪ গেমে হারান গতবারের চ্যাম্পিয়ন। সেইসঙ্গে ৮৯টি ম্যাচ জিতে প্রতিযোগিতায় সবচেয়ে বেশি ম্যাচজয়ী খেলোয়াড়দের তালিকায় দুইয়ে থাকা রজার ফেডেরারকে ছুঁয়ে ফেললেন জোকার। তাঁর সামনে কেবল জিমি কোনর্স (৯৮)। দ্বিতীয় রাউন্ডে সার্বিয়ান মহাতারকার প্রতিপক্ষ লাসলো জেরে।
প্রতিযোগিতার চতুর্থ বাছাই জার্মানির আলেকজান্ডার ভেরেভ নিজের দেশের প্রতিপক্ষ ম্যাক্সিমিলান মার্টারারকে ৬-২, ৬-৭ (৫/৭), ৬-৩, ৬-২ গেমে হারান। খেতাবের আরেক দাবিদার আন্দ্রে রুবলেভ ৬-৩, ৭-৬ (৭-৩), ৭-৫ গেমে থিয়াগো সেবথ ওয়াইল্ডকে হারান। তবে বেন শেলটনের কাছে ৪-৬, ২-৬, ২-৬ গেমে হেরে পেশাদার টেনিসকে বিদায় জানালেন অস্ট্রিয়ান তারকা ডমিনিক থিয়েম। পাশাপাশি ট্যালন গ্রিকস্পুওরের বিরুদ্ধে ১-৬, ৩-৬, ৬-৭ (৬/৮) গেমে হেরে শুরুতেই ছিটকে গেলেন ভারতের সুমিত নাগাল।
ফরাসি ওপেন হোক কিংবা অলিম্পিক, গত কয়েকমাস লাল সুরকির কোর্টে একের পর এক ইতিহাস গড়েছেন নোভাক। এবার খেলতে হচ্ছে অ্যাক্রিলিক হার্ড কোর্টে। তাই কোর্টের চরিত্রের সঙ্গে মানিয়ে নেওয়াটা যে কঠিন ছিল, এমনটা জানিয়ে অনায়াস জয়ের পর জকোর কথায়, ‘যে কোনও প্রতিযোগিতার শুরুটা সবসময় কঠিন হয়। গত পাঁচ-ছয় মাস সুরকির কোর্টেই খেলেছি। ইউএস ওপেনের আগে এই কোর্টে কোনও সরকারি ম্যাচ খেলিনি। ফলে শুরুতেই কোর্টের সঙ্গে মানিয়ে নেওয়াটা কঠিন ছিল। নিজের সার্ভে বেশ কয়েরকবার ভুলত্রুটি হলেও শুরুটা ভালোই হয়েছে।’
ম্যাচটি স্থানীয় সময় প্রায় মধ্যরাতে শুরু হয়। তাই সূচি নিয়ে আপত্তির সুরে জোকার বলেছেন, ‘বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এত রাত পর্যন্ত জেগে থাকা সঠিক বলে মনে হয় না। কিন্তু যে কোর্টে খেলব, সেই কোর্টে আগের ম্যাচগুলি যদি বেশিক্ষণ ধরে চলে, তাহলে কিছু করার নেই। তবে আশা করব পরবর্তী সময়ে আরেকটু আগে ম্যাচ খেলতে পাব।’
এদিকে, মহিলাদের সিঙ্গলসে প্রথম রাউন্ডে মাগদা লিনেটেকে ৬-৪, ৬-৩ গেমে হারিয়ে রেকর্ড ছুঁলেন ইভা জোভিচ। মাত্র ১৬ বছর বয়সে ইউএস ওপেনের মূলপর্বের কোনও ম্যাচজয়ী অন্যতম নবীন মার্কিন খেলোয়াড় হলেন। ২৪ বছর আগে ১৬ বছর বয়সি ক্যাটরিনা স্কট এই রেকর্ড গড়েন। আবার ভারভারা গ্রাচেভাকে ৬-২, ৬-০ গেমে হারিয়ে প্রতিযোগিতায় যাত্রা শুরু করলেন গতবারের চ্যাম্পিয়ন মার্কিন যুক্তরাষ্ট্রের কোকো গফ। প্রতিযোগিতার দ্বিতীয় বাছাই আরিনা সাবালেঙ্কাও অনায়াসে জেতেন। প্রিসিলা হনের বিরুদ্ধে ৬-৩, ৬-৩ গেমে জেতেন তিনি।

