উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: গত বছরের ২২ এপ্রিল পহেলগাঁওয়ের (Pahalgam Terror Attack) বৈসরণ উপত্যকায় সেই নৃশংস জঙ্গি হামলায় শিউরে উঠেছিল গোটা দেশ। ২৬ জনকে লক্ষ্য করে চালানো সেই কাপুরুষোচিত হামলার ক্ষত আজও টাটকা। অভিযোগ ছিল, বেছে বেছে পুরুষ পর্যটকদেরই টার্গেট করেছিল জঙ্গিরা। সেই ঘটনার কয়েকদিনের মধ্যেই ভারতীয় সেনা শুরু করে ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor)— পাকিস্তানের পারমাণবিক শক্তির ‘ব্লাফ’ ফাঁস করে দিয়ে সীমান্তে প্রত্যাঘাত হানে ভারত। এবার সেই রুদ্ধশ্বাস সত্য কাহিনী বড়পর্দায় আনতে চলেছেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী (Vivek Agnihotri)।
এই মেগা প্রজেক্টে বিবেকের সঙ্গে হাত মিলিয়েছেন টি-সিরিজের কর্ণধার ভূষণ কুমার। ছবিটি মূলত লেফটেন্যান্ট জেনারেল কে.জে.এস. ‘টিনি’ ধিলনের বই ‘অপারেশন সিঁদুর: দ্য আনটোল্ড স্টোরি অফ ইন্ডিয়াস ডিপ স্ট্রাইকস ইনসাইড পাকিস্তান’-এর ওপর ভিত্তি করে তৈরি হচ্ছে। বিবেক অগ্নিহোত্রীর দাবি, ছবিটি কেবল চাঞ্চল্য ছড়ানোর জন্য নয়, বরং গভীর গবেষণার ফসল। ভারতীয় সেনার বিভিন্ন শাখার সঙ্গে দীর্ঘ আলোচনার পর তথ্যচিত্রের স্বচ্ছতা ও সিনেমার ম্যাজিক মিশিয়ে এই চিত্রনাট্য তৈরি করা হয়েছে।


Bhushan Kumar and I have joined forces for #OperationSindoor— a story that redefined security in the subcontinent and exposed Pakistan’s nuclear bluff. The film is based on Lt Gen K.J.S. ‘Tiny’ Dhillon’s book Operation Sindoor: The Untold Story of India’s Deep Strikes Inside… pic.twitter.com/etequTSM6a
— Vivek Ranjan Agnihotri (@vivekagnihotri) March 26, 2026
বিবেকের কথায়, “অপারেশন সিঁদুর পাকিস্তান ও তার পারমাণবিক শক্তির মিথ্যে অহংকার ভেঙে দিয়েছিল। আমরা স্রেফ বদলা নিইনি, আধুনিক রণকৌশলে ভারতের শক্তি কতটা, তা প্রমাণ করেছিলাম।” যদিও পরিচালকের আগের ছবি ‘দ্য কাশ্মীর ফাইলস’ বা ‘দ্য বেঙ্গল ফাইলস’ নিয়ে যথেষ্ট বিতর্ক হয়েছিল, তবুও নিজের ঘরানায় অনড় বিবেক। তিনি স্পষ্ট জানিয়েছেন, তাঁর কাজ অস্বস্তিকর হলেও সত্যকে সামনে আনা।
ভূষণ কুমার এই জোট প্রসঙ্গে বলেন, “কিছু গল্প আমরা বেছে নিই না, গল্পই আমাদের বেছে নেয়। ‘অপারেশন সিঁদুর’ তেমনই একটি গল্প যা সততা ও দায়িত্বের সঙ্গে বলা প্রয়োজন। এটি কেবল একটি সিনেমা নয়, এটি একটি উদ্ঘাটন।” সমালোচকরা অবশ্য ছবির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন ইতিমধ্যেই। তবে বিবেক আশ্বস্ত করেছেন যে, সমস্ত তথ্য স্বচ্ছতার সঙ্গেই এখানে পরিবেশন করা হবে।

