ময়নাগুড়ি: শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হতেই চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কাছে আবদার শুরু করেন বাড়ি ফেরার। তাঁর আর্জি মেনে বুধবার পদ্মশ্রী সম্মানপ্রাপক সারিন্দাবাদক মঙ্গলাকান্ত রায়কে (Mangala Kanta Roy) বাড়ি ফিরিয়ে আনলেন পরিবারের সদস্যরা। মঙ্গলাকান্তর বড় ছেলে উমাকান্ত রায় বলেন, ‘আগের তুলনায় বাবার শরীর অনেকটা ভালো। তিনি কোনওভাবেই হাসপাতালে থাকতে চাইছিলেন না। প্রতিনিয়ত বাড়ি ফেরার কথা বলছিলেন। তাই আমরা বাবাকে বাড়িতে নিয়ে এলাম।’
বিগত এক সপ্তাহের বেশি সময় মঙ্গলাকান্ত গলার সংক্রমণে ভুগছিলেন। খাওয়াদাওয়ায় সমস্যা হচ্ছিল। সঙ্গে ছিল বার্ধক্যজনিত অসুস্থতা। এরপর তাঁর পরিবারের সদস্যরা ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। যদিও চিকিৎসকরা তাঁকে জলপাইগুড়ি সুপারস্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করেন। সোমবার মঙ্গলাকান্তকে সেখানে ভর্তি করা হয়। তবে হাসপাতালে ভর্তি করার পর থেকেই শিল্পী বাড়িতে ফেরার জন্য জোর করছিলেন। এবার হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন তিনি।



