Malda | কচুরিপানার চাদরে ঢাকছে পাগলা নদী! বিপন্ন পরিবেশ, দিশেহারা হাজারো মৎস্যজীবী পরিবার

শেষ আপডেট:

এম আনওয়ারউল হক, বৈষ্ণবনগর: বাড়ছে সবুজ, আয় কমছে মৎস্যজীবীদের। একসময় যে নদী ছিল রোজগারের ভরসাস্থল, তা এখন কচুরিপানার চাদরে ঢাকা। পরিস্থিতি এমন যে মাছ ধরতে জাল ফেলার জায়গাটুকুও নেই। মালদার (Malda) গুরুত্বপূর্ণ জলাধার সবুজ স্তরে ঢাকা পড়ায় প্রশাসনকেই দুষছেন মৎস্যজীবী থেকে সমাজকর্মী। নদীতে কচুরিপানা এবং ধার ঘেঁষে প্লাস্টিক, থার্মোকল সহ বিভিন্ন কঠিন বর্জ্যের স্তূপ জমে রয়েছে। ফলে গঙ্গা নদী থেকে বেরিয়ে কালিয়াচকের তিনটি ব্লকের মধ্যে দিয়ে প্রবাহিত নদী যে দূষিত হয়ে পড়ছে, তা নিয়ে কোনও সংশয় নেই কারও মধ্যে।

নদী যেমন জীবন, তেমনই জীবিকা। কিন্তু পাগলা নদী যেন নিজেই মৃত্যুর পথে এগিয়ে যাচ্ছে। যা নিয়ে ক্ষুব্ধ উত্তরবঙ্গ মৎস্যজীবী ফোরামের মালদা জেলা শাখা। সংগঠনের অভিযোগ, প্রশাসনিক উদাসীনতার জন্য নদীটির আজ এমন দশা। ফোরামের এক প্রতিনিধি বলেন, ‘আমরা বারবার জানিয়েছি, কিন্তু কার্যকর ব্যবস্থা হয়নি। নদী যদি এভাবে ভরাট ও দূষিত হতে থাকে, তাহলে কয়েক বছর পর নদীর আর অস্তিত্ব থাকবে না।’ নদীটির ওপর নির্ভরশীল কয়েক হাজার মৎস্যজীবী পরিবার গভীর সংকটের মুখে। সংগঠনের দাবি, মাছের উৎপাদন মারাত্মকভাবে কমেছে। জাল ফেলতে গেলেই কচুরিপানায় আটকে যাচ্ছে। দূষণের কারণে মাছের গুণমানও ক্ষতিগ্রস্ত হচ্ছে। আয় কমে বহু পরিবার আর্থিক অনিশ্চয়তার মুখে। সংগঠনের সহ সভাপতি ইউনুস আলি বলেন, ‘অবিলম্বে কচুরিপানা অপসারণে বিশেষ অভিযান চালাতে হবে। কঠিন বর্জ্য পরিষ্কার করে দূষণ নিয়ন্ত্রণ করতে হবে। নদীর ওপর অবৈধ দখল চিহ্নিত করে উচ্ছেদ করতে হবে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া উচিত।’ দ্রুত ব্যবস্থা না হলে গণ আন্দোলনের হুমকি দিয়েছেন তিনি।

সমাজকর্মী হাসিনা পারভিন বানু বলেন, ‘নদী আমাদের অস্তিত্বের অংশ। আজ তা আবর্জনার স্তূপে পরিণত। প্রশাসনের উচিত জরুরি ভিত্তিতে পরিকল্পিত উদ্যোগ নেওয়া। অন্যথায় পরিস্থিতি ভয়াবহ হবে।’ পরিবেশকর্মী মৃণাল বিশ্বাসের বক্তব্য, ‘কচুরিপানা সরালেই হবে না, দূষণের উৎস বন্ধ করতে হবে। নিয়মিত নজরদারি, বর্জ্য সরানো ও স্থানীয়দের সচেতনতা ছাড়া নদীটি বাঁচানো অসম্ভব।’ স্থানীয়দের অভিযোগ, বহুবার আবেদন জানানো হলেও স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হয়নি। প্রশাসনের কর্তাদের বক্তব্য, বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু সেই ব্যবস্থা কবে, প্রশ্ন সাধারণ মানুষের।

Categories
Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

West Bengal Election 2026 | মালতীপুরে মৌসম নুর হেভিওয়েট প্রচার, ভাকরি অঞ্চলে কংগ্রেস প্রার্থীর রোড-শো ঘিরে তুঙ্গে উন্মাদনা

সামসী: ভোটের রণডঙ্কা বাজতেই মালতীপুর বিধানসভা (Malatipur Assembly) কেন্দ্রে...

Malda | কাঁটাতার পেরিয়ে ভক্তি! মালদার জহুরাচণ্ডী তলায় সম্প্রীতির মেলা, নেপথ্যে কোন ইতিহাস?

কল্লোল মজুমদার, মালদা: মাথার উপর গনগন করছে সূর্য। এই...

“মমতার সঙ্গে অনুপ্রবেশকারীদের ইলু-ইলু সম্পর্ক”, বৈষ্ণবনগরের সভা থেকে তোপ হিমন্ত বিশ্ব শর্মার

বৈষ্ণবনগর: বিধানসভা নির্বাচনের (WB Election 2026) প্রচার তুঙ্গে। শুক্রবার...

WB Election 2026 | গাজোলে দেব-ঝড়! কপ্টারের হাওয়ায় উড়ল দোকানের ছাউনি, তবুও সুপারস্টারকে দেখে আপ্লুত জনতা

গাজোল: এক ঝলক দেখার অপেক্ষায় প্রখর রোদ উপেক্ষা করে...