উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভারত নাকি তাকে ভয় পায়! পহেলগাঁও হামলার (Pahalgam Attack) মূল পান্ডা তথা লস্কর-ই-তৈবা (LeT) নেতা সইফুল্লা কাসুরির (Saifullah Kasuri) সাম্প্রতিক এক মন্তব্যে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। পাকিস্তানের মাটিতে প্রকাশ্য অনুষ্ঠানে দাঁড়িয়ে সইফুল্লাকে দাবি করতে শোনা গিয়েছে যে, পাকিস্তান সেনাবাহিনী তাকে নিয়মিত বিভিন্ন অনুষ্ঠানে আমন্ত্রণ জানায়। অর্থাৎ পাক সেনার (Pakistan Army) সঙ্গে লস্করের যে সুসম্পর্ক রয়েছে, তা কার্যত সইফুল্লা স্বীকার করেছে। সম্প্রতি ভাইরাল হওয়া এই ভিডিও ঘিরে নতুন করে দানা বেঁধেছে বিতর্ক।
ভাইরাল হওয়া ভিডিওটিতে (যার সত্যতা যাচাই করেনি উত্তরবঙ্গ সংবাদ) দেখা যাচ্ছে, পাকিস্তানের একটি স্কুলের অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখছে সইফুল্লা। সেখানে তাকে সগর্বে বলতে শোনা গিয়েছে, ‘পাক সেনাবাহিনী আমাকে আমন্ত্রণপত্র পাঠিয়ে ডাকে। নিহত পাক সেনাদের জানাজার নমাজ পড়ানোর জন্য আমাকে আমন্ত্রণ জানানো হয়।’ শুধু তাই নয়, পহেলগাঁও হামলার নেপথ্যে থাকা মূল জঙ্গি এরপরই বলে ওঠে, ‘আপনারা কি জানেন, ভারত আমাকে ভয় পায়?’ সইফুল্লা জানায়, তার সংগঠন ‘কাশ্মীর মিশন’ থেকে কখনওই পিছিয়ে আসবে না। এই মন্তব্য পহেলগাঁও হামলায় পাকিস্তানের পরোক্ষ বা প্রত্যক্ষ মদত নিয়ে চলা বিতর্ককে আরও উসকে দিয়েছে।
এর আগেও এক সমাবেশে পহেলগাঁও হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে নিজের পরিচিতি নিয়ে দম্ভ প্রকাশ করে সে বলেছিল, ‘পহেলগাঁও হামলার মূল ষড়যন্ত্রকারী হিসেবে আমাকে চিহ্নিত করা হয়েছে। এখন আমার নাম সারা বিশ্বে বিখ্যাত।’ ভারতের ‘অপারেশন সিঁদুর’ অভিযানে জঙ্গিঘাঁটি ধ্বংস হওয়ার কথা স্বীকার করলেও, হুঁশিয়ারির সুরে বলেছিল, ‘ভারত ভুল করেছে।’
এনআইএ-র চার্জশিট অনুযায়ী, সইফুল্লা কাসুরিই পহেলগাঁও হামলার প্রধান ব্লুপ্রিন্ট তৈরি করেছিলেন। তাঁকে ইউএপিএ আইনের আওতায় নিষিদ্ধ জঙ্গি হিসেবে ঘোষণা করা হয়েছে। তদন্তে আগেই উঠে এসেছিল যে, পাক সেনার অন্দরে সইফুল্লার যথেষ্ট প্রভাব রয়েছে। নতুন এই ভিডিওটি ফের প্রমাণ করল যে, আন্তর্জাতিক মহলের চাপ থাকা সত্ত্বেও পাকিস্তানে নিরাপদ আশ্রয়ে থেকেই ভারতবিরোধী কার্যকলাপ চালিয়ে যাচ্ছে এই জঙ্গি নেতা।

