রাওয়ালপিন্ডি: তিনি হতাশ। তিনি বিরক্ত। তিনি ক্ষুব্ধও। ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে টেস্টে পাকিস্তানকে হারতে হবে, কোনওদিনও ভাবতেই পারেননি শাহিদ আফ্রিদি। রাওয়ালপিন্ডির মাঠে সাকিব আল হাসান, মেহেদি হাসান মিরাজরা বাস্তবে পাকিস্তানকে দশ উইকেটে হারিয়ে দেওয়ার পর বাবর আজম, শান মাসুদদের নিয়ে ক্ষোভে ফেটে পড়েছেন আফ্রিদি। সঙ্গে হতাশার সাগরে ডুব দিয়েছেন প্রাক্তন পাকিস্তান অধিনায়ক। বাংলাদেশের বিরুদ্ধে টেস্টে প্রথম একাদশ নির্বাচন, দলের স্ট্র্যাটেজি, ঘরের মাঠের পিচ ও পরিবেশ বুঝতে বাবরদের ভুল হওয়ার ঘটনাকে তুলে ধরেছেন তিনি। প্রাক্তন পাক অলরাউন্ডারের কথায়, ‘বাংলাদেশের বিরুদ্ধে টেস্টে দশ উইকেটে হার অনেক গুরুতর প্রশ্ন তুলে দিয়েছে পাকিস্তান ক্রিকেটে। সবচেয়ে বড় কথা ঘরের মাঠের পিচ ও পরিবেশ সম্পর্কে বর্তমান ক্রিকেটারদের মধ্যে সচেতনতার অভাবও বড্ড স্পষ্ট।’
পাকিস্তানের মাটিতে এখন নিয়মিতভাবে আন্তর্জাতিক ক্রিকেট হয় না। কিন্তু তার জন্য পাকিস্তানের ক্রিকেটাররা নিজেদের দেশের পিচ ও পরিবেশ সম্পর্কে ধারণা করতে ভুল করবেন, মানতে পারছেন না আফ্রিদি। পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্ট জয়ের জন্য সাকিবদের কৃতিত্ব দিয়ে পাকিস্তানের বর্তমান দলকে কাঠগড়ায় তুলেছেন তিনি। আফ্রিদির কথায়, ‘ভালো ক্রিকেট খেলার জন্য বাংলাদেশকে অভিনন্দন। ওদের কৃতিত্ব খাটো করার কোনও মানেই হয় না। কিন্তু আমি অবাক হয়ে যাচ্ছি বর্তমান পাকিস্তান দলের ক্রিকেটারদের দেখে। ঘরের মাঠের পিচ ও পরিবেশ সম্পর্কে কেন এমন সচেতনতার অভাব থাকবে দলের অন্দরে, খতিয়ে দেখা দরকার। বিশেষজ্ঞ স্পিনার কেন পাক দলে ছিল না, সেই প্রশ্নেরও জবাব চাই।’



