উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ৪৮ ঘণ্টার জন্য যুদ্ধবিরতিতে রাজি হল পাকিস্তান ও আফগানিস্তান (Afghanistan-Pakistan Ceasefire)। বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা থেকে এই যুদ্ধবিরতি শুরু হয়েছে। পাকিস্তানের বিদেশ মন্ত্রকের তরফে এই তথ্য জানানো হয়েছে। বলা হয়েছে শত্রুতার পথ পরিহার করা ও আলোচনার রাস্তা খোলার জন্যই এই যুদ্ধবিরতি বলে দাবি করেছে পাকিস্তান। উল্লেখ্য, আজ ভোরেই নতুন করে হামলা পালটা হামলার জেরে উত্তপ্ত হয়ে ওঠে পাক-আফগান সীমান্ত। ১২ জন আফগান নাগরিকের মৃত্যু হয়েছে বলে দাবি। পালটা পাকিস্তানেও ক্ষয়ক্ষতি হয়েছে।
গত ৯ অক্টোবর আফগানিস্তানের রাজধানী কাবুলে জঙ্গিগোষ্ঠী ‘তেহরিক-ই-তালিবান পাকিস্তান’ (TTP)-এর ডেরায় হামলা চালায় পাক বায়ুসেনা। ১০ অক্টোবর সীমান্ত লাগোয়া পকতিকা প্রদেশের মারঘি এলাকায় একটি বাজারেও পাকিস্তানের বিমানহানা হয়। তার পর থেকে দুই দেশের মধ্যে দফায় দফায় সীমান্ত সংঘর্ষ চলছে। তালিবানের দাবি, তাদের হামলায় ৫৮ জন পাক সেনার মৃত্যু হয়।
বুধবার সকালে আফগানিস্তানের পাকতিকা প্রদেশে পাকিস্তানি সেনা এবং তালিবান বাহিনীর মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হয়। তালিবান জানায়, কন্দহরের স্পিন বোল্ডাক জেলায় পাক হানায় ১২ জন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে। যার পালটা হামলা চালিয়েছে তালিবানও। এরপর বুধবার দুপুরে আফগানিস্তানের কান্দাহারে হামলা চালায় পাক যুদ্ধবিমান। সেই হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও পরিষ্কার নয়। তবে এই হামলার পরই দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়। পাকিস্তানের অভিযোগ, আফগানিস্তান টিটিপি জঙ্গিদের আশ্রয় দিচ্ছে। ২০২১ থেকে এই জঙ্গিগোষ্ঠী শতাধিক পাকিস্তান সেনাকে হত্যার জন্য দায়ী। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে কাবুল।

