উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ঘূর্ণিঝড় ‘দিতওয়া’র তাণ্ডবে করুণ দশা শ্রীলঙ্কার (Sri Lanka)। এই অবস্থায় দ্বীপরাষ্ট্রটির পাশে দাঁড়িয়েছে বহু দেশ। শ্রীলঙ্কায় ত্রাণসামগ্রী পাঠিয়েছে পাকিস্তানও (Pakistan)। কিন্তু তা সত্ত্বেও সমালোচনার মুখে দেশটি। অভিযোগ, শ্রীলঙ্কায় মেয়াদ উত্তীর্ণ ত্রাণসামগ্রী (Expired flood relief) পাঠানো হয়েছে পাকিস্তানের তরফে।
শ্রীলঙ্কায় অবস্থিত পাকিস্তানের দূতাবাসের এক হ্যান্ডেলে ত্রাণসামগ্রী পাঠানোর বিষয়টি জানানো হয়েছে। তাতে লেখা রয়েছে, ‘আজ এবং সর্বদা শ্রীলঙ্কার পাশে রয়েছে পাকিস্তান।’ সেই সঙ্গে পোস্ট করা হয়েছে ত্রাণসামগ্রীর ছবিও। আর এরপরই বিষয়টি সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের চোখে পড়ে। দেখা যায় যে, বেশ কয়েকটি প্যাকেটে লেখা রয়েছে ‘EXP: 10/2024’। অর্থাৎ ওই সংশ্লিষ্ট সামগ্রীর মেয়াদ ২০২৪ সালের অক্টোবরেই শেষ হয়ে গিয়েছে। এরপরই অভিযোগ উঠতে শুরু করে শ্রীলঙ্কার এই বিপর্যস্ত পরিস্থিতিতে দেশটিতে মেয়াদ উত্তীর্ণ ত্রাণসামগ্রী পাঠিয়েছে পাকিস্তান। লেবেলগুলি পরীক্ষা না করেই কেন শ্রীলঙ্কায় সামগ্রীগুলি পাঠানো হল, তা নিয়ে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা প্রশ্ন তুলেছেন। যদিও এনিয়ে এখনও মুখ খোলেনি ইসলামাবাদ।
এদিকে, ঘূর্ণিঝড়ে বিপর্যস্ত শ্রীলঙ্কার সাহায্যে এগিয়ে এসেছে ভারতও। চালু করা হয়েছে ‘অপারেশন সাগর বন্ধু’। গত ২৮ নভেম্বর থেকে বিমান এবং জলপথে শ্রীলঙ্কায় প্রায় ৫৩ টন ত্রাণসামগ্রী পৌঁছে দিয়েছে নয়াদিল্লি। বিদেশ মন্ত্রকের (MEA) মতে, শ্রীলঙ্কা থেকে আটকে পড়া ২০০০ জনেরও বেশি ভারতীয়কে সরিয়ে আনা হয়েছে। এখনও দফায় দফায় উদ্ধার করা হচ্ছে দুর্যোগ কবলিত এলাকায় আটকে পড়া মানুষদের।

