উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মাঠের লড়াইয়ে প্রতিপক্ষকে হারানোর আগে তাঁদের লড়াই করতে হয়েছে হোটেলের রান্নাঘরে। ম্যাচ শুরুর আগে হকি স্টিক ফেলে ধুতে হয়েছে এঁটো বাসন! অস্ট্রেলিয়ার মাটিতে পাকিস্তান জাতীয় হকি দলের এই চরম অপমানের (Australia tour) কথা লাহোর বিমানবন্দরে (Lahore Airport) পা রেখেই উগরে দিলেন অধিনায়ক শাকিল আম্মাদ বাট। পাকিস্তান হকি ফেডারেশনের (PHF) (National Federation) চরম অব্যবস্থাপনার বিরুদ্ধে এবার প্রকাশ্য বিদ্রোহ ঘোষণা করলেন তিনি।
বিদেশের মাটিতে চরম লাঞ্ছনা
অস্ট্রেলিয়ায় FIH প্রো লিগ খেলতে গিয়ে যে অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছে, তাকে ‘নারকীয়’ বললেও কম বলা হয়। সিডনি বিমানবন্দরে ১৩-১৪ ঘণ্টা ঠায় বসে থাকা থেকে শুরু করে ক্যানবেরায় হোটেল বুকিং না থাকা—সব মিলিয়ে এক বিশৃঙ্খল পরিস্থিতির শিকার হয়েছেন খেলোয়াড়রা। অধিনায়ক বাটের অভিযোগ, “আমাদের বলা হয়েছিল সব ঠিক আছে, কিন্তু সেখানে গিয়ে দেখি কোনো বুকিং নেই। সারাদিন রাস্তায় রাস্তায় ঘুরে শেষে থাকার জায়গা জোটানো হয়েছে। ম্যাচ খেলার আগে আমাদের নিজেদের রান্না করতে হয়েছে, বাসন মাজতে হয়েছে। এমন মানসিক যন্ত্রণার পর মাঠের জয় আশা করা কি সম্ভব?”
নিথর ফেডারেশন ও আর্থিক কেলেঙ্কারি
আশ্চর্যজনক বিষয় হলো, পাকিস্তান স্পোর্টস বোর্ড (PSB) দাবি করেছে যে দলের হোটেলের জন্য তারা ১ কোটি টাকারও বেশি (১০ মিলিয়ন রুপি) বরাদ্দ করেছিল। তবুও কেন এয়ারবিএনবি-তে ১০ দিনের বুকিং করে ১৩ দিন রাখা হলো এবং শেষ তিন দিন সস্তা জায়গায় ঠাঁই নিতে হলো, তা নিয়ে দানা বেঁধেছে দুর্নীতির সন্দেহ। তদন্তে প্রধানমন্ত্রী ফেডারেশন মুখ বন্ধ রাখার হুমকি দিলেও দমতে রাজি নন বাট। তিনি সরাসরি বিদেশি কোচ এবং পেশাদার ম্যানেজমেন্টের দাবি তুলেছেন। পরিস্থিতি এতটাই ঘোরালো যে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ নিজে এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন। পাকিস্তান হকির ইতিহাসে এই ঘটনাকে ‘কালো অধ্যায়’ হিসেবে দেখছে দেশের ক্রীড়ামহল।

