উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কয়েক মুহূর্তের জন্য মনে হয়েছিল ভার্চুয়াল সীমান্ত (India-Pakistan) বোধহয় সত্যিই অদৃশ্য হয়ে গেছে। ফওয়াদ খান, মাহিরা খান (Mahira Khan) কিংবা হানিয়া আমিরের (Hania Aamir) মতো জনপ্রিয় পাকিস্তানি মুখগুলো ফের ভেসে উঠল ভারতীয় নেটিজেনদের ইনস্টাগ্রাম ফিডে। কিন্তু সেই আনন্দ বা বিতর্ক— থিতু হওয়ার আগেই সব শেষ। কিছুক্ষণের মধ্যেই আবার ‘অদৃশ্য’ হয়ে গেলেন প্রতিবেশী দেশের গ্ল্যামার দুনিয়ার প্রতিনিধিরা।
সম্প্রতি ভারতীয় সোশ্যাল মিডিয়া ইউজারদের একাংশ লক্ষ্য করেন, দীর্ঘদিনের নিষিদ্ধ তালিকায় থাকা পাকিস্তানি অভিনেতা-অভিনেত্রীদের প্রোফাইল ভারতে বসেই অ্যাক্সেস করা যাচ্ছে। তালিকায় ছিলেন:ফওয়াদ খান, মাহিরা খান, হানিয়া আমির, বিলাল আব্বাস খানের মতো প্রথম সারির অভিনেতারা।


কিন্তু এই উপস্থিতি ছিল অনেকটা ‘স্পেশাল অ্যাপিয়ারেন্স’-এর মতো। নেটিজেনরা ‘উচ্ছ্বাস’ প্রকাশ করতে না করতেই আবার সেই চেনা ‘রেস্ট্রিক্টেড’ মেসেজ।
২০২৫-এর পুলওয়ামা ঘটনার পর থেকে ভারতে পাকিস্তানি শিল্পীদের কাজ এবং তাঁদের সোশ্যাল মিডিয়া উপস্থিতির ওপর কড়া বিধিনিষেধ জারি রয়েছে। আচমকা এই উপস্থিতিতে নেটপাড়ায় প্রশ্ন ওঠে— তবে কি নিষেধাজ্ঞা উঠে গেল?
যদিও সেই জল্পনায় জল ঢেলেছেন তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞরা। প্রাথমিক ধারণা অনুযায়ী, এটি কোনও বড় পরিবর্তনের ইঙ্গিত নয়, বরং ইনস্টাগ্রাম বা ফেসবুকের সার্ভারের কোনও সাময়িক কারিগরি ত্রুটি বা ‘গ্লিচ’। এই প্রযুক্তিগত সমস্যার কারণেই ভৌগোলিক সীমানার ডিজিটাল দেওয়ালটি কিছুক্ষণের জন্য ভেঙে পড়েছিল। সমস্যা মিটে যেতেই পরিস্থিতি আবার আগের মতোই ‘ব্লকড’ হয়ে গিয়েছে।

