উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সাফল্যের শিখরে থাকাকালীন প্লেব্যাক সিঙ্গার হিসেবে বলিউডকে ‘বিদায়’ জানানো চাট্টিখানি কথা নয়। অরিজিৎ সিং (Arijit Singh) যখন এমন সিদ্ধান্তের কথা ঘোষণা করেছিলেন, তখন ভক্তদের মনে বিষাদের সুর বেজেছিল। কিন্তু কেন এই বিরতি? সেই তর্কের ভিড়ে অরিজিতের হয়ে সওয়াল করলেন বলিউডের দক্ষ অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী (Pankaj supports Arijit)। তাঁর সাফ কথা, শিল্পীরা তো আর কারখানায় তৈরি পণ্য নন যে প্রতিদিন একই ছাঁচে নিজেকে মেলে ধরবেন।
সৃজনশীলতায় বিরতির গুরুত্ব সম্প্রতি এক সাক্ষাৎকারে পঙ্কজ ত্রিপাঠী অরিজিতের সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন জানিয়ে বলেন, “নিজেকে নতুন করে খুঁজে পাওয়ার জন্য বিরতি নেওয়া অত্যন্ত জরুরি। সৃজনশীল কাজ মানেই তাতে প্রচণ্ড মানসিক ও শারীরিক পরিশ্রম থাকে। আমরা শিল্পী, আমরা কোনও কারখানায় তৈরি পণ্য নই যে অবিরাম একই ধারায় কাজ করে যাব।” অভিনেতা মনে করেন, শিল্পের মান বজায় রাখতে গেলে মাঝেমধ্যে থামা প্রয়োজন।
দেশলাই বাক্সের উদাহরণ নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে পঙ্কজ এক চমৎকার উদাহরণ টেনে আনেন। তিনি বলেন, “আমরা দেশলাই বাক্সের মতো নই যে কারখানা থেকে প্রতিদিন একইরকম দেখতে এক হাজার কপি বাক্স বেরিয়ে আসবে। শিল্পী হিসেবে আমাদের প্রতি মুহূর্তে আবেগ উজাড় করে দিতে হয়। তাই একঘেয়েমি কাটাতে এবং নতুন কিছু সৃষ্টির তাগিদে বিরতি নেওয়াটা সাহসিকতার পরিচয়।” পঙ্কজের মতে, গ্ল্যামার দুনিয়ার এই অন্তহীন দৌড়ে ক্লান্তি আসা স্বাভাবিক এবং সেই ক্লান্তিকে জয় করতেই নিজেকে সময় দেওয়া উচিত।
উল্লেখ্য, অরিজিৎ সিং আগেই স্পষ্ট করেছিলেন যে তিনি প্লেব্যাক বা চলচ্চিত্রের জন্য ফরমায়েশি গান গাওয়া কমিয়ে দিলেও সঙ্গীত জগত থেকে হারিয়ে যাচ্ছেন না। বরং স্বাধীনভাবে গান তৈরি (Independent Music) এবং নতুন কিছু শেখার জন্যই তিনি নিজেকে কিছুটা গুটিয়ে নিয়েছেন। পঙ্কজ ত্রিপাঠীর এই মন্তব্য যেন অরিজিতের সেই স্বাধীনচেতা মানসিকতাতেই সিলমোহর দিল। পঙ্কজ মনে করেন, অরিজিতের মতো একজন সত্যিকারের শিল্পী যখন নিজেকে সময় দেওয়ার কথা ভাবছেন, তখন তাঁকে সম্মান জানানোই শ্রেয়।

