শিলিগুড়ি: কালিম্পং, দার্জিলিংয়ের পর এবার কার্সিয়াংয়েও পর্যটকদের জন্য শুরু হচ্ছে প্যারাগ্লাইডিং (Paragliding in Kurseong)। শনিবার এই পরিষেবার উদ্বোধন হয়ে গিয়েছে। আগামী সপ্তাহ থেকে পর্যটকদের জন্য প্যারাগ্লাইডিং ব্যবস্থা চালু হয়ে যাবে। কার্সিয়াংয়ে অ্যাডভেঞ্চার টুরিজমের (Adventure Tourism) কোনও ব্যবস্থা এতদিন ছিল না। এই প্রথম কার্সিয়াংয়ের রোহিনী (Rohini) থেকে প্যারাগ্লাইডিংয়ের আনন্দ নিতে পারবেন পর্যটকরা।
এদিন গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের (GTA) চিফ এগজিকিউটিভ অনীত থাপা (Anit Thapa) পুরো প্রস্তুতি খতিয়ে দেখেন। তাঁর সামনেই প্যারাগ্লাইডিংয়ের মহড়া দেওয়া হয়। পরে অনীত বলেছেন, ‘পাহাড়ের পর্যটনে নতুন পালক যুক্ত হল। আমরা দু-তিন বছর ধরে কার্সিয়াংয়ে এই পরিষেবা চালু করার চেষ্টা করছিলাম। এতদিন সুরক্ষাজনিত কিছু সমস্যা ছিল। সমস্ত বাধা কাটিয়ে আগামী সপ্তাহ থেকে পর্যটকদের জন্য প্যারাগ্লাইডিংয়ের সুযোগ মিলবে। এর ফলে গোটা পাহাড়েই পর্যটনের আরও উন্নতি হবে।’


দীর্ঘদিন ধরেই কালিম্পংয়ের ডেলোয় প্যারাগ্লাইডিং পরিষেবা চালু রয়েছে। ২০১৮ সালে একটি দুর্ঘটনায় এক পর্যটকের মৃত্যু হয়েছিল। তারপর থেকে কয়েক বছর এই পরিষেবা বন্ধ ছিল। পুনরায় কালিম্পংয়ে এই পরিষেবা চালু হয়েছে। একইভাবে করোনা ভাইরাসের সংক্রমণের জেরে ২০২০ সালে বন্ধ হওয়া দার্জিলিংয়ের প্যারাগ্লাইডিং পরিষেবা আবার চালু হয়েছে। এবার কার্সিয়াংয়েও এই পরিষেবা চালু করছে জিটিএ। এতে পাহাড়ের কর্মসংস্থানের সুযোগ হবে বলে অনীত জানিয়েছেন।

