উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ অলিম্পিকের পদকের রঙ নাকি উবে যাচ্ছে। একটি ভিডিও প্রকাশ করে এমনই দাবি করেছেন আমেরিকার স্কেটবোর্ডার নাইজা হিউস্টন। প্যারিস অলিম্পিক শেষের আগেই এমন ঘটনা সামনে আসায় শুরু হয়েছে চরম বিতর্ক। যদিও ভাইরাল হওয়া ভিডিওর সত্যতা যাচাই করেনি উত্তরবঙ্গ সংবাদ।
অলিম্পিকে পদক পাওয়া স্বপ্নের প্রতিটি খেলোয়াড়ের কাছে। অলিম্পিকে পদক মানে মহার্ঘ্য ব্যাপার, সেটি অমূল্য। কোনও অর্থ দিয়ে তা বিচার করা যায় না। সেই পদকেই নাকি ত্রুটি। এমনটা তো আগে হয়নি। পদকের রঙ উঠে যাচ্ছে বলে দাবি করলেন আমেরিকার স্কেটবোর্ডার নাইজা হিউস্টন। তিনি প্যারিস অলিম্পিকে স্কেট বোর্ডিংয়ে ব্রোঞ্জ জিতেছেন। পদক পাওয়ার ১০ দিন পরি থেকেই নাকি তার ব্রোঞ্জ পদকের রং উবে যাচ্ছে। যে উজ্জ্বলতা প্রথমে ছিল, সেটি আর নেই। বরং ক্রমশ হারাচ্ছে পদকের উজ্জ্বলতা। সেই নিয়ে এই মার্কিন অ্যাথলিট একটি ভিডিও করে সেটি সোশ্যাল সাইটে দিয়ে দিয়েছেন। তাতে প্যারিসের আয়োজকদের ট্যাগ করে লিখেছেন, আমার বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবা হোক।


How Olympic medals look after one week
📹 Nyjah Huston
pic.twitter.com/mTMxb9AI77— Science girl (@gunsnrosesgirl3) August 10, 2024
হিউস্টন ওই ভিডিওতে আরও বলেছেন, মাত্র এক সপ্তাহ হয়েছে আমি পদক পেয়েছি, হয়তো আরও কয়েকদিন বেশি। তারমধ্যে এটা আমার শরীরের সঙ্গেই ছিল। ঘামে ভিজেছে, আবার বন্ধুরাও নানাভাবে দেখেছে। কিন্তু একটা অলিম্পিক পদকের যা মান হওয়া উচিত, সেটি এমন নয়। এমনটা হওয়া দুর্ভাগ্যজনক।
এই বিষয়টি নজরে এসেছে প্যারিসের অলিম্পিক আয়োজকদের। তারা ইমেলে ওই অ্যাথলিটকে লিখেছেন, কয়েকদিনের মধ্যেই ওই খারাপ হয়ে যাওয়া পদক বদলে দেওয়া হবে। এমনকী কোনও অ্যাথলিটের এমন অভিযোগ থাকলে তাঁরাও যোগাযোগ করতে পারেন ইমেলের মাধ্যমে। তাঁদেরও পদক নিয়ে ব্যবস্থা দেওয়া হবে।

