উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: নতুন নিয়োগ পরীক্ষায় (SSC) অংশ নেবেন না চাকরিহারাদের একাংশ। বৃহস্পতিবার চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাসের নেতৃত্বে বিধানসভায় উপস্থিত হন চাকরিহারা শিক্ষকেরা। তাঁদের দাবি, ‘আমরা নতুন করে পরীক্ষায় বসতে চাই না। মুখ্যমন্ত্রী এবং স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করে পরীক্ষার না বসার বিষয়ে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ করবো।’
এদিন বিধানসভা (West Bengal Assembly) চত্বরে দাঁড়িয়ে চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাস বলেন, ‘অযোগ্যদের তালিকা ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। যদি এই তালিকাকেই শিরোধার্য বলে গণ্য করি, তাহলে বাকিরা যোগ্য। তাহলে নতুন করে তাঁরা কেন আবার পরীক্ষায় বসবে? মাননীয়া মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee) এই পরীক্ষা স্থগিত করুক। যোগ্যদের নির্ভুল তালিকা প্রকাশ করুন। শিক্ষাকর্মীদের অবস্থা ভয়াবহ।


এরই পাশাপাশি তিনি আরও বলেন, ‘আমরা এখন মৃত্যুর পথযাত্রী। যে কোনও সময়ে যে কোনও কিছু হয়ে যেতে পারে। আমরা মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছি। কেন বিধানসভায় জরুরি অধিবেশনে এই বিষয়টা আসছে না? যোগ্য শিক্ষকরা তো কোনও পাপ করেনি। প্রতিনিধি দলকে ডেকে নিয়ে মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে আলোচনায় বসুন।’
উল্লেখ্য, গত শনিবার স্কুল সার্ভিস কমিশন অযোগ্যদের তালিকা প্রকাশ করে। সোমবার সুপ্রিম কোর্ট (Supreme Court) সাফ জানিয়ে দেয়, আগামী ৭ ও ১৪ তারিখ যে নতুন নিয়োগ পরীক্ষা রয়েছে তাতে প্রকাশিত তালিকা, এমনকি প্রকাশিত তালিকার বাইরেও যদি অযোগ্য কেউ থাকেন, তাঁরা কোনওভাবেই বসতে পারবেন না। পশ্চিমঙ্গ স্কুল সার্ভিস কমিশনকে তা নিশ্চিত করার নির্দেশ দেয় শীর্ষ আদালত।

